
শেষ আপডেট: 15 January 2023 02:44
দ্য ওয়াল ব্যুরো: জোশীমঠকে (Joshimath) কেন্দ্র করে আতঙ্ক ক্রমশই বাড়ছে! সম্প্রতি ইসরোর (ISRO) স্যাটেলাইট রিপোর্ট সেই আতঙ্ক আরও বাড়িয়ে দিয়েছে। যার ফলে প্রশ্ন উঠছে, উত্তরাখন্ডের এই প্রাচীন শহরকে আদৌ কি রক্ষা করা সম্ভব? কী বলা হয়েছে ইসরোর সেই গবেষণায়?
জানা গেছে, সেই রিপোর্টে বলা হয়েছে যে, মাত্র ১২ দিনে ৫.৪ সেন্টিমিটার পর্যন্ত জমি বসে গিয়েছে (sunk) জোশীমঠে। এমনকী জেপি কলোনির কাছে ব্যাডমিন্টন কোর্টে অন্তত ২ ফুট ডুবে গিয়েছে। শুধু রিপোর্ট নয়, এর পাশাপাশি স্যাটেলাইটের মাধ্যমেও বেশ কিছু ছবি সামনে এনেছে ইসরো। আর তাতেই স্পষ্ট যে ধীরে ধীরে ক্রমশ মাটিতে ডুবে যাচ্ছে গোটা এলাকা।
একইসঙ্গে ইসরোর বিজ্ঞানীরা জানান যে, ২০২২ সাল থেকে এই ধস শুরু হয়েছে। গত এপ্রিল মাস থেকে নভেম্বর অবধি দীর্ঘ আট মসে সেখানে প্রায় ৯ সেন্টিমিটার জমি বসেছে। সেখানে ২৭ ডিসেম্বর থেকে ৮ জানুয়ারি পর্যন্ত মাত্র ১২ দিনেই জমি বসে গিয়েছে ৫.৪ সেন্টিমিটার। স্যাটেলাইটের ছবিতে যেভাবে ভূমি ধস ধরা পড়েছে, তা দেখে চমকে উঠেছেন বিজ্ঞানীরাও।
এই অবস্থায় দ্রুত সেখানকার বাড়ি এবং হোটেল ভাঙার কাজ চালাচ্ছে বিপর্যয় মোকাবিলা দলগুলি। কিন্তু সেই কাজ করতে গিয়ে যাতে উল্টো বিপদ না ঘটে, সে কথাও মাথায় রাখতে হচ্ছে। ফলত বাড়ি কিংবা হোটেল ভাঙার ক্ষেত্রে কোনও রকমের ড্রিল মেশিন ব্যাবহার করা হচ্ছে না। এছাড়াও একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে।
বরফ পড়ছে, বৃষ্টিরও সম্ভাবনা জোশীমঠে, সব হুড়মুড়িয়ে ভেঙে পড়ার আশঙ্কায় বাসিন্দারা