
গ্রাফিক্স- শুভ্র শর্ভিন।
শেষ আপডেট: 12 February 2025 13:43
দ্য ওয়াল ব্যুরো: মাওবাদী নেতা কিষেণজির মতো পরিণতি হতে পারে জেলবন্দি রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের! এমনই আশঙ্কা প্রকাশ করলেন পুরুলিয়ার বিজেপির সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো।
শুধু আশঙ্কা প্রকাশ করাই নয়, জেলবন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর জন্য যথাযথ নিরাপত্তার ব্যবস্থা করার জন্যও রাজ্যপাল সিভি আনন্দ বোসকে চিঠি লিখেছেন বিজেপির সাংসদ।
একই সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়কে নিয়োগ মামলায় 'রাজসাক্ষী' হয়ে যাওয়ারও প্রস্তাব দিয়েছেন বিজেপি সাংসদ। জ্যোতির্ময় সিং মাহাতোর দাবি, "ক্ষমতায় এসে যেভাবে এনকাউন্টারের নামে কিষেণজিকে হত্যা করা হয়েছিল একইভাবে জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়কেও হত্যা করা হতে পারে।"
বিজেপি সাংসদের দাবি, পার্থ চট্টোপাধ্যায় নিয়োগ দুর্নীতির সব কিছু জানেন। তিনি মুখ খুললে রাজ্য সরকার বিপদে পড়তে পারে। তাই পার্থকে জেলের ভেতরেই খুন করার চক্রান্ত চলছে।
তবে বিজেপি সাংসদের এমন দাবিকে গুরুত্ব দিতে নারাজ শাসকদল তৃণমূল। তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, "অবান্তর কথাবার্তা বলে বাজার গরম করার চেষ্টা! পার্থবাবুর কোনও সমস্যা হলে তিনি তো নিশ্চয়ই আদালতকে জানাবেন।"
প্রসঙ্গত, ২০১১ সালের ২৪ নভেম্বর ঝাড়গ্রামের জামবনির বুড়িশোলের জঙ্গলে যৌথবাহিনীর এনকাউন্টারে মৃত্যু হয়েছিল মাওবাদী নেতা মাল্লোজুলা কোটেশ্বর রাও ওরফে কিষেণজির। কিষেণজির মৃত্যুর নেপথ্যে অন্তর্ঘাত রয়েছে বলে অভিযোগ।
অন্যদিকে ২০২২ সালের ২৩ জুলাই থেকে নিয়োগ দুর্নীতি মামলায় জেলবন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী। অসুস্থতার কারণে সম্প্রতি পুলিশি পাহারায় বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। এরই মধ্যে বিজেপি সাংসদের এমন দাবি ঘিরে নতুন করে জল্পনা তৈরি হয়েছে রাজনৈতিক মহলে।