মমতার বাড়ির পাশে আদিগঙ্গায় নেমে সাঁতার কাটছেন পার্শ্বশিক্ষকরা, কাদা মাখছেন
দ্য ওয়াল ব্যুরো: শিক্ষকদের প্রতিবাদ এ রাজ্যে নতুন নয়। কখনও মিছিল, কখনও অবরোধ, কখনও বা অনশন-- দফায় দফায় সরকারের কাছে তাঁদের দাবি পেশ করে প্রতিবাদ বিক্ষোভে নেমেছেন তাঁরা। কিন্তু আজ, সরস্বতী পুজোর দিন সকালে যা ঘটে গেল মুখ্যমন্ত্রীর বাড়ির এলাক
শেষ আপডেট: 16 February 2021 11:03
দ্য ওয়াল ব্যুরো: শিক্ষকদের প্রতিবাদ এ রাজ্যে নতুন নয়। কখনও মিছিল, কখনও অবরোধ, কখনও বা অনশন-- দফায় দফায় সরকারের কাছে তাঁদের দাবি পেশ করে প্রতিবাদ বিক্ষোভে নেমেছেন তাঁরা। কিন্তু আজ, সরস্বতী পুজোর দিন সকালে যা ঘটে গেল মুখ্যমন্ত্রীর বাড়ির এলাকায়, তাকে বেনজির বললেও যেন কম বলা হয়। দেখা গেল, ৫-৬ জন পার্শ্বশিক্ষক আদিগঙ্গায় সাঁতার কাটছেন তাঁদের দাবিদাওয়া লেখা কাগজপত্র হাতে নিয়ে! আদিগঙ্গায় সাঁতরে মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে যাওয়ার চেষ্টা করছিলেন তাঁরা!
কালীঘাটে আদিগঙ্গার পাশেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। স্থানীয় সূত্রের খবর, আজ, মঙ্গলবার সকাল ১০টা ২০ নাগাদ আলিপুর জেলের কাছে প্রথমে পার্শ্বশিক্ষকদের একটি দল জমায়েত করে। সেই দলে পাঁচ ছ’জন পার্শ্বশিক্ষক ছিলেন। আরও একটি জমায়েত হয় আলিপুর পোস্ট অফিসের সামনে। দু’ভাগে ভাগ হয়ে আদিগঙ্গার ধারে এসে পৌঁছন প্রতিবাদী পার্শ্বশিক্ষকরা।

এর পরেই আচমকা কেউ কিছু বুঝে ওঠার আগেই আদিগঙ্গার খালে ঝাঁপ মেরে বসেন তাঁরা! হাতের প্ল্যাকার্ড ও কাগজগুলি আগে থেকেই প্লাস্টিকে মোড়া ছিল। সেগুলি আবার জামার ভিতরে লুকিয়ে রেখেছিলেন তাঁরা। ফলে সবরকম প্রস্তুতি নিয়েই এই অভিনব প্রতিবাদ কর্মসূচি। জানা গেছে, শিক্ষামিত্র সংগঠনের সদস্য তাঁরা। বেতন-সহ অন্যান্য দাবিতে বহুদিন ধরেই লড়ছেন।
এর পরেই তাঁদের উঠে আসার জন্য অনুরোধ করে পুলিশ! অনেক অনুরোধ করার পরে তাঁরা উঠে আসেন। তবে এ প্রতিবাদ যে এখানেই শেষ নয়, তাও মনে করিয়ে দিয়েছেন পার্শ্বশিক্ষকরা।