
শখের বাগানে ফলল আমেরিকার আম
শেষ আপডেট: 15 June 2024 18:47
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: মিয়াজাকি এখন অনেকের বাগানেই আছে। পান্ডুয়ার বেনেপাড়ায় এখন ফলছে আমেরিকান কেন্ট আম।
বাড়িতেই শখের আমবাগান করেছেন পান্ডুয়া বেনেপাড়ার বাসিন্দা পার্থ দে। পেশায় তিনি একজন কেবল অপারেটর। নেশা গাছ লাগানো। হরেক রকম ফলের গাছ করেছেন নিজের বাড়ির বাগানে। নিজে আম খেতে ভালোবাসেন। তাই দেশবিদেশের ২৫ রকমের আমগাছ বসিয়েছেন বাড়িতে। গত পাঁচ বছর ধরে তাঁর বাগানে ফলছে মিয়াজাকি,আমেরিকান কেন্ট, চ্যাং মাই, বুনাই কিং,ইয়োলো আইভরি, ব্যানানা ম্যাঙ্গোর মতো দুষ্পাপ্য সব আম।
পার্থ জানালেন, হাওড়ার একটি নার্সারি থেকে সাড়ে ছয় হাজার টাকা দিয়ে কিনে এনেছিলেন আমেরিকান কেন্টের চারা। তারপরেই শুরু হয় সার-খোল দিয়ে পরিচর্যার পালা। এখন ফল দিচ্ছে সেই গাছ। তবে এবার গোটা রাজ্যে আমের ফলন কম। তাই তাঁর বাগানেও ফলন কম। পার্থ বলেন, "গাছ কেটে ফেলা হচ্ছে দেখতে পাই। এরজন্য ঠিক কতটা সমস্যা হতে পারে তা নিয়ে কোনও ভাবনা নেই মানুষের। গাছ লাগানোর সংকল্প করেছি। ফল খাওয়াও হল আবার গাছও হল। তাতে মানুষের উপকারই হবে।"
পার্থ জানান,এবার লক্ষাধিক টাকার ফলের চারা কিনে বসিয়েছেন। সার খোল দিয়ে গাছের পরিচর্যা করেন। এবার সব জায়গায়তেই আমের ফলন কম। তার বাগানেও আম ফলেছে কম। থাইল্যান্ডের একটি প্রজাতির আম রয়েছে তাঁর বাগানে, যা সারা বছর ফলে। ভিয়েতনামের লাল কাঁঠাল, আতা, সবেদার মতো ফল গাছও রয়েছে পার্থর সাজানো বাগানে।