
শেষ আপডেট: 20 March 2024 18:32
দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: প্রচার করতে গিয়ে টাকা বিলি করলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। সেই ভিডিও ভাইরাল হতেই তাঁর বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ উঠেছে। বিরোধীদের অভিযোগ, নির্বাচনের দিন ঘোষণার সঙ্গে সঙ্গেই জারি হয়েছে নির্বাচনী বিধি। সে সব উপেক্ষা করে তৃণমূল বিধায়ক টাকা বিলি করছেন। ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন।
মঙ্গলবার কুলটির ডিসেরগড়ে একটি পীরের মাজারে গিয়েছিলেন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। সেখানে তিনি চাদরও চড়ান। এরপরই দেখা যায় মাজার চত্বরে থাকা দুঃস্থ মানুষদের মধ্যে টাকা বিলি করছেন। বিধায়কের সেই ভিডিও ফেসবুকে মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। বিরোধীরা এই ঘটনাকেই "মডেল কোড অফ কন্ডাক্ট" লঙ্ঘন হিসেবে দেখছেন। যদিও এই ভিডিওর সত্যতা ‘দ্য ওয়াল’ যাচাই করেনি।
বিরোধীদের দাবি, নরেন্দ্রনাথ চক্রবর্তী সেখানে অন্য কোনও কারণে নয়, প্রচার করতে গেছিলেন। সেখানেই তিনি টাকা বিলি করে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করেছেন।
আসানসোলের বিজেপি নেতা বাপ্পা চট্টোপাধ্যায় বলেন, "তৃণমূলের সঙ্গে এখন সাধারণ মানুষ নেই। তাঁদের কাছে রেশন, চাকরি, কয়লা, জমি চুরির টাকা রয়েছে। তৃণমূল তাই টাকা দিয়ে ভোটারদের কেনার চেষ্টা করছে।"
আরও এক বিরোধী দল কংগ্রেসও এই ঘটনা নিয়ে সরব হয়েছে। কংগ্রেসের জেলা সম্পাদক দেবেশ চক্রবর্তী বলেন, "তৃণমূল কংগ্রেস বুঝে গেছে এই ভোটে তাঁদের অবস্থা খারাপ। সংখ্যালঘুরাও তাঁদের পাশে নেই। তাই চুরির টাকা দিয়ে ভোটার কেনার চেষ্টা করছে। নির্বাচন কমিশনে তাঁর বিরুদ্ধে আচরণ বিধি ভাঙার অভিযোগ জানাব।" যদিও অভিযুক্ত বিধায়ক এ বিষয়ে কোনও মন্তব্য করেননি। তাঁকে ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন তোলেননি। তৃণমূলও দলের তরফে এই বিষয়ে কোনও বিবৃতি দেয়নি।