তাঁর অভিযোগ, “এটি হিমশৈলের চূড়ামাত্র। রাজ্য জুড়ে হাজার হাজার খুকুরানি মণ্ডল ঘোড়াই আছেন, যাঁরা প্রশাসনের মদতে ভুয়ো সার্টিফিকেটের ভিত্তিতে বেআইনি ভাবে সংরক্ষিত আসনে বসে রয়েছেন।”

শুভেন্দু অধিকারী।
শেষ আপডেট: 21 August 2025 14:06
দ্য ওয়াল ব্যুরো: রাজ্যে ফের ভুয়ো ওবিসি সার্টিফিকেট বিতর্ক (Fake OBC certificate)। পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর ব্লকের ঈশ্বরপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান (Panchayat Pradhan) খুকুরানি মণ্ডল ঘোড়াই ভুয়ো শংসাপত্রের জোরে সংরক্ষিত আসনে জয়ী হয়েছিলেন বলে অভিযোগ। তদন্তে তা প্রমাণিত হওয়ায় প্রধানের পদ তো বটেই, পঞ্চায়েত সদস্যপদও খোয়াতে চলেছেন তিনি।
এই ঘটনাকে হাতিয়ার করে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) নিশানা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর অভিযোগ, “এটি হিমশৈলের চূড়ামাত্র। রাজ্য জুড়ে হাজার হাজার খুকুরানি মণ্ডল ঘোড়াই আছেন, যাঁরা প্রশাসনের মদতে ভুয়ো সার্টিফিকেটের ভিত্তিতে বেআইনি ভাবে সংরক্ষিত আসনে বসে রয়েছেন।”
শুভেন্দুর দাবি, রাজনৈতিক সুবিধা পাইয়ে দেওয়া এবং মুসলিম সম্প্রদায়কে খুশি করার জন্যই মমতা সরকারের আমলে বিপুল সংখ্যায় বেআইনি ওবিসি শংসাপত্র বিলি হয়েছে। এর ফলে প্রকৃত ওবিসি সম্প্রদায়ের মানুষ সংরক্ষণের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন।

বিরোধী দলনেতার আরও অভিযোগ, কলকাতা হাইকোর্ট ইতিমধ্যেই রাজ্যের বিতর্কিত ওবিসি তালিকা বাতিল করেছে। কিন্তু রাজ্য সরকার রায় কার্যকর না করে মামলাকে দীর্ঘায়িত করছে। এর জেরেই সরকারি কলেজে ভর্তি প্রক্রিয়া গত তিন মাস ধরে বন্ধ, প্রকাশ পায়নি জয়েন্ট এন্ট্রান্সের ফলও। ফলত পাঁচ লক্ষাধিক ছাত্রছাত্রী ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় ভুগছে।
“তোষণনীতির রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় ছাত্রছাত্রীদের বলি দিচ্ছেন। রাজ্যের বহু তরুণ-তরুণীকে রাজ্যের বাইরে বা বেসরকারি কলেজে ভর্তি হতে হচ্ছে। এতে পরিবারের উপর আর্থিক চাপ বাড়ছে,” অভিযোগ শুভেন্দুর। কটাক্ষ করে শুভেন্দু এও লিখেছেন, “তরুণ প্রজন্মের শিক্ষাসঙ্কট আসলে মুখ্যমন্ত্রীর ভোটব্যাঙ্ক রাজনীতির ফল।”