
শেষ আপডেট: 20 July 2023 13:21
দ্য ওয়াল ব্যুরো: মক্কায় বসে পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Election 2023) কীভাবে মনোনয়নপত্র জমা দিলেন তৃণমূল প্রার্থী, সেই নিয়ে পঞ্চায়েত পর্ব থেকে শোরগোল পড়ে গেছে রাজ্য রাজনীতিতে। হাইকোর্টেও (Calcutta High Court) এই নিয়ে মামলা হয়েছে। এবার সেই মামলায় ডিআইজি সিআইডি (DIG CID) তদন্তের নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা। তিনি এদিন বলেন, অবসরপ্রাপ্ত বিচারপতি দেবীপ্রসাদ দে-র এই তদন্তে নজরদারি করবেন।
মিনাখাঁর কুমারজোলর এলাকার তৃণমূল কর্মী মইনুদ্দিন গাজি হজ করতে মক্কায় গিয়েছেন গত ৪ জুন। তারপরই পঞ্চায়েত নির্বাচনের ঘোষণা করে দেয় কমিশন। সেই তৃণমূল কর্মীকেই আবার পঞ্চায়েতে প্রার্থী করে শাসক দল। প্রার্থী হওয়ার পরই মনোনয়ন জমা দেন ওই তৃণমূল কর্মী।
এই মনোনয়ন জমা করাকে কেন্দ্র করেই বিতর্ক সৃষ্টি হয়। মক্কায় বসে কীভাবে মিনাখাঁর বিডিও অফিসে মনোয়ন জমা দিলেন ওই প্রার্থী, প্রশ্ন তোলেন বিরোধীরা। সেই নিয়ে হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে মামলা দায়ের হয়।
বিচারপতির প্রশ্নের মুখে পড়ে রাজ্যের নির্বাচন কমিশন। কমিশন জানায়, তারা বিষয়টি জানার পরই ওই তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিল করেছে। মামলার শুনানিতে বিচারপতি সিনহা তাঁর পর্যবেক্ষণে জানান, যিনি এই মনোনয়নপত্র গ্রহণ করেছেন, তিনি বিষয়টি খুব দায়সারাভাবে দেখেছেন বলে মনে করছে আদালত। এমনকী স্ক্রুটিনিটাও ঠিক মতো হয় নি।’ পাশাপাশি পঞ্চায়েতের রিটার্নিং অফিসারের ভূমিকাও যথেষ্ট সন্দেহজনক বলেও মন্তব্য করেছিলেন বিচারপতি।
গত শুনানিতে কেন্দ্রের আইনজীবী আদালতে জানানো হয়, 'এটায় লার্জার কন্সপিরেসি আছে বলে আমরা মনে করছি। এই ঘটনার তদন্ত প্রয়োজন আছে। স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য তদন্ত প্রয়োজন।’ এদিন সেই মামলাতেই সিআইডি তদন্তের নির্দেশ দিল হাইকোর্ট।
শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর করতে পারবে পুলিশ, আদালতের অনুমতি লাগবে না: হাইকোর্ট