দ্য ওয়াল ব্যুরো: ভারতে যে তিনি খ্যাতি ও অর্থ পেয়েছিলেন সে কথা এক লহমায় ভুলে গিয়ে একটি অত্যন্ত রুচিহীন ও অমানবিক মন্তব্য করে বসলেন পাকিস্তানি অভিনেত্রী বীণা মালিক। ভারতীয় বায়ুসেনার নিখোঁজ এ এন-৩২ বিমান নিয়ে তিনি রসিকতা করলেন তাঁর নিজস্ব টুইটার হ্যান্ডেলে। টেনে আনলেন কয়েকদিন আগে করা নরেন্দ্র মোদীর রেডার ও মেঘের প্রসঙ্গ।
১৩ জন সামরিক ব্যক্তিকে নিয়ে সোমবার আসামের জোরহাট ছেড়েছিল ভারতীয় বায়ুসেনা'র বিমান এ এন-৩২। কিন্তু অরুণাচল প্রদেশে বিমানটি প্রবেশ করার পর সেটি নিখোঁজ হয়ে যায়। বিমানটিকে খুঁজে পাওয়ার জন্য ইসরো'র স্যাটেলাইট ও শত্রুশিবিরে নজরদারি চালানোর জন্য নৌবাহিনীর পি-৮১ বিমান ব্যবহার করা হচ্ছে। শুধু ভারতেই নয়, নিখোঁজ বিমান ও তার মধ্যে থাকা ৭ জন অফিসার ও ৬ জন বায়ুসেনার জন্য উদ্বেগ প্রকাশ করছে প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তান। এই পরিস্থিতিতে বীণা মালিকের অসংবেদনশীল টুইট একই সঙ্গে বিস্মিত ও ক্ষুব্ধ করেছে বহু মানুষকে।
টুইটে পাকিস্তানি অভিনেত্রী লিখেছেন, ভারতীয় বিমান বাহিনীর বিমান এ এন-৩২ ভেঙে পড়েনি। মেঘ থাকার ফলে রেডারে সামরিক বিজ্ঞানী ও নরেন্দ্র মোদী বিমানটিকে দেখতে পাচ্ছেন না। টুইটের শেষে ব্যঙ্গোক্তিকে আরও তীব্র করার জন্য একটি হাসির ইমোজি–ও জুড়ে দিয়েছেন।
https://twitter.com/iVeenaKhan/status/1135604214091173888
ভারতের টিভি রিয়েলিটি শো 'বিগ বস' থেকেই এদেশে বীণার উত্থান। একাধিক সিনেমায় অভিনয় করার সুবাদে তিনি প্রচুর পরিমাণে খ্যাতি ও অর্থ দুইই পেয়েছেন। কিন্ত তার জন্য যে কৃতজ্ঞতা বোধ তৈরি হয়নি সেটা তাঁর মন্তব্যে স্পষ্ট। কৃতজ্ঞতাবোধের বাইরেও নিখোঁজ সেনাদের নিয়ে ব্যঙ্গ করায় যে অমানবিক মানসিকতার প্রকাশ পেয়েছে তার জন্য ক্ষুব্ধ বলিউডের অনেকেই। বীণা মালিকের টুইট ভাইরাল হতেই এই কুরুচিকর মন্তব্যের জন্য তাঁকে তীব্র আক্রমণ করেছেন স্বরা ভাস্কর সহ অন্যান্যরা।
ভারতীয় সেনাবাহিনীকে নিয়ে ঠাট্টা করার অভ্যাসটা বীণা মালিকের অবশ্য পুরনো। ফেব্রুয়ারি মাসে বিমানবাহিনীর পাইলট অভিনন্দন বর্তমান পাকিস্তানি যুদ্ধবিমান এফ–১৬ ধ্বংস করার পর সেই ঘটনা নিয়েও ব্যঙ্গ করে টু্ইট করেছিল এই পাক অভিনেত্রী।