দ্য ওয়াল ব্যুরো : আফগানিস্তানে আগামী দিনে আমেরিকা (America) কী ভূমিকা পালন করবে, তা স্থির করার সময় পাকিস্তানের কথাও আমাদের বিবেচনা করতে হবে। সোমবার এই মন্তব্য করেছেন মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিনকেন। গত মাসে আফগানিস্তানে মার্কিন সমর্থিত সরকার ক্ষমতাচ্যুত হয়। তার পরে প্রথমবার মার্কিন হাউস অব রিপ্রেজেন্টেটিভসে বক্তব্য পেশ করলেন ব্লিনকেন। তিনি বলেন, আফগানিস্তানে সক্রিয় পাকিস্তানও। এরপরেই তিনি অভিযোগ করেন, পাকিস্তান নিয়মিত তালিবান জঙ্গিদের আশ্রয় দিত। আবার কয়েকটি ক্ষেত্রে সন্ত্রাস দমন অভিযানে তারা আমাদের সঙ্গে সহায়তাও করেছে।
মার্কিন কংগ্রেসের সদস্যরা প্রশ্ন করেন, আমেরিকা কি পাকিস্তানের সঙ্গে তার সম্পর্ক নিয়ে নতুন করে ভেবে দেখবে? ব্লিনকেন বলেন, নিশ্চয়। তাঁর কথায়, "আমরা আগামী কয়েক সপ্তাহে খতিয়ে দেখব, গত ২০ বছরে আফগানিস্তানে কী ভূমিকা পালন করেছে পাকিস্তান। শুধু তাই নয়, আগামী দিনে আফগানিস্তানে তাদের কী ভূমিকা পালন করা উচিত, তাও আমরা ভেবে দেখব।"
গত ১৫ অগাস্ট তালিবান কাবুল দখল করে। তারপরে আফগানিস্তান ছেড়ে পালানোর জন্য কয়েক হাজার মানুষ ভিড় করেন কাবুল বিমান বন্দরে। সেই ছবি দেখা যায় সংবাদ মাধ্যমে। এবার উপগ্রহ থেকে তোলা ছবিতে দেখা গেল, হাজার হাজার আফগান জড়ো হয়েছেন প্রতিবেশী দেশ পাকিস্তান, ইরান, উজবেকিস্তান ও তাজকিস্তানের সীমান্তে। অর্থাৎ তাঁরা সড়কপথে দেশ ছেড়ে পালাতে চান।
পাকিস্তানের চমন সীমান্তে স্পিন বোলডাকের কাছে দেখা গিয়েছে, মরিয়া হয়ে কয়েক হাজার মানুষ দেশ ছেড়ে পালাতে চাইছেন। পাকিস্তান সীমান্তে তোরখাম নামে একটি জায়গাতেও শরণার্থীদের ভিড় দেখা গিয়েছে। এছাড়া তাজকিস্তানের সীমান্তে শিরখান অঞ্চলে ও ইরান সীমান্তে ইসলাম কালা অঞ্চলেও দেখা গিয়েছে ভিড়।
পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে স্পিন বোলডাক অঞ্চল দিয়ে প্রতিদিনই বহু লোক যাতায়াত করেন। গত কয়েক সপ্তাহে সেখানে যাতায়াত বেড়েছে। অনেকে বাড়ির নানা জিনিসপত্র ও শিশুদের নিয়ে আফগানিস্তান থেকে পালানোর চেষ্টা করছেন। কাবুল এবং অন্যান্য শহর ছেড়ে তাঁরা পালিয়ে এসেছেন। সীমান্ত পেরোনর আগে অস্থায়ী তাঁবুতে অপেক্ষা করছেন তাঁরা। এর মধ্যে পাকিস্তান চমন সীমান্ত বন্ধ করে দিয়েছে।
কিছুদিন আগে শোনা যায়, তুমুল গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয়েছে তালিবানের মধ্যে। দুই গোষ্ঠীর লড়াইয়ে নিহত হয়েছেন তালিবানের উপপ্রধানমন্ত্রী আবদুল গনি বরাদর। এই প্রেক্ষিতে সোমবার বরাদর এক বিবৃতি দিয়েছেন। তিনি বলেন, তাঁর সম্পর্কে মিথ্যা প্রচার করা হচ্ছে।