
নিহত পর্যটকের পরিবারের সঙ্গে এয়ারপোর্টে শুভেন্দু। নিজস্ব চিত্র।
শেষ আপডেট: 23 April 2025 21:28
দ্য ওয়াল ব্যুরো: বুধবার রাত আটটা নাগাদ কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছল কাশ্মীরে (Pahalgam) নিহত কলকাতার দুই পর্যটক বেহালার সখের বাজারের সমীর গুহ এবং পাটুলির বৈষ্ণবঘাটার বিতান অধিকারীর কফিন বন্দি দেহ। সেখানে আগে থেকেই অপেক্ষা করছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তমলুকের বিজেপি সাংসদ অগ্নিমিত্রা পল-সহ আরও অনেকে।
বিমানবন্দরেই বিতানের ছেলেকে কোলে তুলে নিতে দেখা যায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari)। বিতানের স্ত্রী তখন অঝোরে কেঁদে চলেছেন। বিতানের ছেলেকে কোলে নিয়ে শুভেন্দু আশ্বস্ত করেন, এই জিনিস বরদাস্ত করা হবে না।
এ ব্যাপারে শুভেন্দুর ফেসবুক পেজ থেকে বিমানবন্দরের সাক্ষাৎপর্বের লাইভও করা হয়। তাতে দেখা যায়, বিতানের স্ত্রীও শুভেন্দুকে বলছেন, "আপনারা আছেন বলেই এসেছি। আপনাদের ভরসা করি। আমার স্বামীর খুনিদের শাস্তি চাই।"
বিতানের ছোট্ট ছেলেকে কোলে তুলে শুভেন্দু আশ্বস্তও করেন। সে সময় বিতানের স্ত্রীকে বলতে শোনা যায়, "আমার সব শেষ হয়ে গেল। ওর চোখের সামনে ওর বাবাকে মেরেছে!"
বিতানের স্ত্রীকে আশ্বস্ত করার চেষ্টা করেন বিরোধী দলনেতা। শুভেন্দুকে বলতে শোনা যায়, "হিন্দুস্তানে হিন্দুদের খুন করবে! গাজা শেষ হয়েছে, ইজরায়েল শেষ করেছে। আমরাও শেষ করব। আমরা মোদীর শিষ্য আছি। মোদীর বাচ্চা আমরা।"
এ সময় বিতানের স্ত্রী কাঁদতে কাঁদতে বলেন, "বিতান বিজেপিকে সমর্থন করতো। আপনাদের ভরসায় এখানে এসেছি।" শুভেন্দু তাঁকে বলেন, "এখানে রাজনীতির কথা ছেড়ে দেন, বিতান হিন্দু বলে ওকে মেরেছে। আমরা এর শেষ দেখে ছাড়ব"।
মঙ্গলবার পহেলগামের জনপ্রিয় ‘ম্যাগি পয়েন্ট’ বা ‘মিনি সুইজারল্যান্ড’ এর বৈসরন ঘাসের মাঠ (baisaran valley attack) লাগোয়া এলাকায় পর্যটকদের ওপরে হামলা চালায় জঙ্গিরা। হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ২৬ জন। স্থানীয় সূত্রের খবর, প্রায় ৪০ মিনিট ধরে জঙ্গিরা এই তাণ্ডবলীলা চালায়। রীতিমতো পরিচয় জেনে তারপরে হত্যা করা হয় পর্যটকদের। 'অপারেশনে'র পর ধীরে সুস্থে এলাকা ছাড়ে জঙ্গিরা। ঘটনায় বাংলার তিন পর্যটকের মৃত্যু হয়েছে।
কলকাতার দু'জনের পাশাপাশি জঙ্গি হামলায় মৃত্যু হয়েছে পুরুলিয়ার ঝালদার মণীশরঞ্জন মিশ্রর। রাঁচি হয়ে এদিন রাতেই তাঁর কফিন বন্দি দেহ বাড়িতে পৌঁছানোর কথা। এদিন সন্ধেতেই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, নিহত পর্যটকদের সৎকারে সব ধরনের ব্যবস্থা করছে রাজ্য। বাকি পর্যটকদের ফিরিয়ে আনার বিষয়েও প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে।