
শেষ আপডেট: 4 November 2023 22:37
দ্য ওয়াল ব্যুরো: গ্রামের অসুস্থদের সেবা করতে নিজের বাইকটাকেই অ্যাম্বুল্যান্স বানিয়ে ফেলেছিলেন তিনি। এলাকাবাসীরা বলেন ‘অ্যাম্বুল্যান্স দাদা’। সমাজসেবার জন্য পদ্মশ্রীপ্রাপ্ত সেই করিমুল হক আক্রান্ত হৃদরোগে। দ্রুত অ্যাম্বুল্যান্সে চাপিয়ে হাসপাতালে নিয়ে যেতে হল অ্যাম্বুল্যান্স দাদাকে।
সূত্রের খবর, শনিবার বিকেলে হঠাৎই শরীর খারাপ হয় তাঁর। দরদর করে ঘাম হচ্ছিল। সঙ্গে সঙ্গেই তাঁকে হাসপাতালে নিয়ে যান বাড়ির লোকজন। পথে যেতে যেতেই বমি হয় তাঁর। শিলিগুড়ি হিলকার্ট রোডে রমা হেলথ কেয়ার মাল্টি স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে।
হাসপাতাল সূত্রে খবর, আচমকাই হার্ট অ্যাটাক হয়েছিল করিমুল হকের। তবে এখন বিপদ কেটেছে। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। আগের থেকে অনেকটাই সুস্থ আছেন বলে খবর। রবিবার তাঁর আরও কিছু টেস্ট করা হবে।
জলপাইগুড়ির রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের ধলাবাড়ির বাসিন্দা করিমুল হক। একটা সময়ে তাঁর এলাকায় কোনও অ্যাম্বুল্যান্স ছিল না। সেই কারণে সময় মতো অসুস্থ মাকে হাসপাতালে নিয়ে যেতে পারেননি তিনি। ফলে কার্যত বিনা চিকিৎসায় মৃত্যু হয়েছিল করিমুল হকের মায়ের। সেই যন্ত্রণা থেকেই গ্রামবাসীদের জন্য অ্যাম্বুল্যান্স পরিষেবার ব্যবস্থা করেন নিজেই।
নিজের বাইকটাকেই অ্যাম্বুল্যান্স বানিয়ে ফেলেছিলেন করিমুল। সেই খবর পৌঁছে গিয়েছিল প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাষ্ট্রপতি সকলের কাছেই। নিজের বাইক অ্যাম্বুল্যান্সে চাপিয়ে অনেক সঙ্কটাপন্ন রোগীকে সঠিক সময় হাসপাতালে পৌঁছে দিয়ে প্রাণ বাঁচিয়েছিলেন তিনি। সমাজসেবামূলক কাজের জন্য ২০১৭ সালে তাঁকে পদ্মশ্রী সম্মান দেওয়া হয়।
তবে শুধু অ্যাম্বুল্যান্সের মাধ্যমে রোগীকে হাসপাতালে পৌঁছে দিয়েই ক্ষান্ত হননি তিনি। গ্রামের বাসিন্দাদের কথা ভেবে বাড়িতেই প্রাথমিক চিকিৎসারও ব্যবস্থা করেছিলেন। শারীরিক প্রতিবন্ধীদের জন্য আবাসও তৈরি করেছেন। তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন গ্রামের লোকজন।