
SBI, Electoral Bonds
শেষ আপডেট: 13 March 2024 15:44
দ্য ওয়াল ব্যুরো: নির্বাচনী বন্ড নিয়ে বিতর্কের মধ্যে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সুপ্রিম কোর্টকে এক হলফনামায় জানাল, ২০১৯ সালের এপ্রিল থেকে ২০২৪ সালের ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত মোট ২২ হাজার ২১৭টি বন্ড ইস্যু করা হয়েছে। এর মধ্যে ২২ হাজার ৩০টিই ভাঙিয়ে নিয়েছে রাজনৈতিক দলগুলি। বাকি ১৮৭টিও ভাঙানো হয়েছে এবং তার অর্থ জমা হয়েছে প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিলে।
নির্বাচনী বন্ড মামলায় সুপ্রিম কোর্টের ভর্ৎসনার দুদিন পর বুধবার আদালতে একটি হলফনামা জমা দেয় এসবিআই। সেখানে বলা হয়েছে, নির্বাচনী বন্ডের তথ্য তারা নির্বাচন কমিশনকে একটি পেন ড্রাইভে দুটি পিডিএফ ফাইলে জমা দিয়েছে। পিডিএফ ফাইল দুটি পাসওয়ার্ড রক্ষিত। অর্থাৎ নির্দিষ্ট পাসওয়ার্ডে খুলে দেখা যাবে। নির্বাচনী বন্ডের নিয়ম অনুসারে ১৫ দিনের মধ্যে তা ভাঙাতে হয়, তা না হলে সেই টাকা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে জমা হয়ে যায়।
উল্লেখ্য, গত ১৫ ফেব্রুয়ারি ঐতিহাসিক রায়ে সুপ্রিম কোর্ট নির্বাচনী বন্ড প্রকল্পকে অসাংবিধানিক বলে ঘোষণা করে। এতে দাতা এবং গ্রহীতা রাজনৈতিক দলগুলির নাম গোপন থাকার বিষয়কে তথ্য জানার অধিকারের পরিপন্থী বলে ব্যাখ্যা করে আদালত। বন্ড ইস্যুকারী ব্যাঙ্ক এসবিআইকে অবিলম্বে বন্ধ করার নির্দেশ দিয়ে যাবতীয় তথ্য প্রকাশ্যে আনার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। এখন নির্বাচন কমিশনকে আগামী শুক্রবার বিকেল ৫টার মধ্যে তাদের ওয়েবসাইটে আপলোড করতে হবে।