দ্য ওয়াল ব্যুরো: বাবা-মা নেই তাদের। পরিচারকের কাছেই কাটে দিন। কিন্তু পরিচারকের সঙ্গে থেকে থেকে তারা যে পরিচারকের মতোই আদবকায়দাও দখল করে নেবে, তা কবে জানত! তাতে অবশ্য অসুবিধা নেই কোনও, আছে বিস্ময়। কারণ ওই দুই অনাথ যে আসলে গোরিলার ছানা!
তারাই সম্প্রতি পরিচারকের সঙ্গে পোজ় দিয়ে সেলফি তুলেছে! আর সেই ছবি ভাইরাল হয়েই বিস্মিত করেছে নেটিজেনদের।
আফ্রিকার কঙ্গোর ভিরুঙ্গা ন্যাশনাল পার্কের ঘটনা। পৃথিবীতে এখনও পর্যন্ত বেঁচে থাকা গোরিলাদের ৬০ শতাংশই বাস করে এই বনে। তাই স্বাভাবিক ভাবেই ওই এলাকায় রয়েছে চোরাশিকারিদের উৎপাতও। সে জন্যই চোরাশিকারিদের হাত থেকে গোরিলাদের রক্ষা করতে বনকর্তারা সদা সতর্ক। সম্প্রতি সেখানকারই এক অ্যান্টি পোচিং অফিসারের সঙ্গে সেলফি তুলেছে ভিরুঙ্গা ন্যাশনাল পার্কের দুই অনাথ গোরিলা নাকাশি ও মাতাবিশি।
ছবিগুলি অ্যান্টি পোচিং ইউনিটের তরফে ফেসবুক পেজে পোস্ট করা হয়েছে। তার পর থেকেই ভাইরাল হয়েছে ছবিগুলি। এই সেলফি তোলার পর্বটা যে দুই গোরিলা বেশ উপভোগ করছে তা তাদের অভিব্যক্তিতেই স্পষ্ট।
দেখুন পোস্ট।
https://www.facebook.com/474596272672703/photos/a.474613556004308/1552236504908669/?type=3&theater
ন্যাশনাল পার্কটির ডিরেক্টর ইনোসেন্ট এমবুরানুমওয়ে বলেন, "যে পরিচারকেরা ছোটোবেলা থেকে গোরিলাগুলিকে দেখাশোনা করেছে, তারা তাদের অনুকরণ করা শিখেছে। গোরিলাগুলো মন করে পার্কের ঐ বনরক্ষীরা তাদের অভিভাবক।" তিনি আরও জানান, ঐ দুই গোরিলার মা ২০০৭ সালে চোরাশিকারিদের হাতে মারা যায়। সে সময় গোরিলা দু'টির বয়স ছিল দুই এবং চার মাস।
ঐ ঘটনার কিছুদিন পর তাদের ভিরুঙ্গার ন্যাশনাল পার্কে নিয়ে যাওয়া হয় এবং সেখানেই তারা বেড়ে ওঠে। ডিরেক্টর বলেন, "ওরা মানুষের সান্নিধ্য পেয়ে বড় হয়েছে। তাই ওরা মানুষের অনুকরণ করে এবং মানুষের মতোই দু'পায়ে দাঁড়িয়ে ছবি তুলেছে। তবে সাধারণত গোরিলারা এরকম করে না।"
তাঁর কথায়, "আমি ছবিটি দেখে ভীষণ অবাক হয়েছি...হেসেওছি। একটি গোরিলা দু'পায়ে দাঁড়িয়ে মানুষের অনুকরণ করছে-- বিষয়টি দেখতে খুবই হাস্যকর।"
তবে আপাতদৃষ্টিতে ছবিটি দেখে বেশ মজা লাগলেও, কঙ্গোর ন্যাশনাল পার্কে বনরক্ষীর এই পেশাটি যথেষ্ট বিপজ্জনক। তথ্য বলছে, ১৯৯৬ সাল থেকে ভিরুঙ্গা ন্যাশনাল পার্কের ১৩০ জন বনরক্ষী নিহত হয়েছেন। কারণ এই এলাকায় বিভিন্ন সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী গ্রুপের সংঘাতের ঘটনা ঘটে প্রায়ই। ঘটে চোরাশিকারিদের উৎপাতও।