
শেষ আপডেট: 6 June 2022 13:04
দ্য ওয়াল ব্যুরো: শোনা গেল খালিস্তান জিন্দাবাদ স্লোগান। খাস স্বর্ণমন্দির চত্বরে, ৩৮ বছর আগে যেখানে খালিস্তানপন্থীদের নির্মূল করতে অপারেশন (Operation Blue Star) চালিয়েছিল ভারতীয় সেনা। সংঘর্ষে দু পক্ষের বহু মানুষ হতাহত হয়।
সোমবার ছিল সেই দুর্ভাগ্যজনক ঘটনার (Operation Blue Star) ৩৮ তম বর্ষ। প্রতি বছরই এই দিনে স্বর্ণ মন্দির চত্বরে কিছু মানুষ খালিস্তান বা প্রথম শিখ রাষ্ট্রের পক্ষে স্লোগান দিয়ে থাকে। শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে নিহতদের। কিন্তু এবার দিনটিকে নয়া মাত্রা দিয়েছেন স্বর্ণমন্দির তথা অকাল তখতের প্রধান জাঠেদার জ্ঞানী হরপ্রীত সিং। তাঁকেই প্রধান গ্রন্থী বা শিখ গুরু বলে মান্য করা হয়।
সোমবার তিনি ভক্তদের মাধ্যমে শিখ সম্প্রদায়কে বলেছেন, নতুন প্রজন্মের উচিত শিখ মার্শাল আর্ট শেখা। তাদের মাদক জাল থেকে বের করে এনে আধুনিক অস্ত্র চালানোর প্রশিক্ষণ দেওয়া দরকার। এ জন্য গ্রামে গ্রামে প্রশিক্ষণ শিবির খুলতে হবে। সেখানে রাইফেল রেঞ্জও থাকা দরকার। তাঁর কথায়, কেউ কেউ গোপনে অস্ত্র প্রশিক্ষণ দিয়ে থাকে। আমি বলি প্রকাশ্যেই অস্ত্র প্রশিক্ষণ দিতে হবে।
শিখ ধর্ম প্রচারকদের উদ্দেশে তাঁর আর্জি, ঠান্ডা ঘর থেকে বেরিয়ে আসতে হবে তাঁদের। গ্রামে গিয়ে শিখ ধর্মের প্রচার প্রসার বাড়াতে হবে। তাঁর আরও পরামর্শ শিখ গুরুদের উপদেশ মনে রেখে প্রতিদিন প্রার্থনায় সার্বভৌমত্বর কথা উচ্চারণ করতে হবে। পাঞ্জাবের গ্রামে হালে বেশ কিছু চার্চ হয়েছে। অকাল তখতের জাঠেদার এই ব্যাপারেও ভক্তদের আজ দৃষ্টি আকর্ষণ করেছেন। বলেছেন, শিখ ধর্মের প্রচার বৃদ্ধি করতে হবে।
স্বর্ণমন্দিরের জাঠেদার হরপ্রীত সিং সাম্প্রতিক অতীতে বেশ কয়েকবার বিতর্কে জড়িয়েছেন। তরুণ, যুবকদের অস্ত্র হাতে নেওয়ার কথা দিন কয়েক আগেও বলেন তিনি। হালে শিখ পুরুষদের সর্বক্ষণ আগ্নেয়াস্ত্র সঙ্গে রাখার নিদান দেন। তাঁর ওই বক্তব্যের তীব্র সমালোচনা করেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মান। তিনি বলেন, ধর্মগুরুদের কাজ শান্তির কথা প্রচার করা। হিংসার কথা বলা তাদের কাজ নয়।
শিখ সমাজেও এই জাঠেদারের কিছু বক্তব্য নিয়ে প্রশ্ন, বিতর্ক দেখা দিয়েছে। তাঁর ফতোয়া, গুরুদ্বারে শিখ ধর্ম সঙ্গীতে হারমোনিয়াম বাজানো যাবে না। কারণ, হারমোনিয়াম ভারতীয় সঙ্গীত যন্ত্র নয়। তবে তাৎপর্যপূর্ণ হল, হরপ্রীতের বক্তব্যে এখনও সায় দেয়নি দেশ বিদেশ মিলিয়ে শিখদের বাকি তখতগুলি।
লজ্জার হার এড়াতে উত্তরপ্রদেশে লোকসভার দুই আসনে লড়ছে না কংগ্রেস, অখিলেশকেও বার্তা