দ্য ওয়াল ব্যুরো: বয়সের ভারে ন্যুব্জ শরীর। কিন্তু ওইটুকুই। এর চেয়ে বেশি কিছু নয়। মহারাষ্ট্রের ভুসাওয়ালের বাসিন্দা কেশব নারহার বাপাত। গত ২১ নভেম্বর শতবর্ষে পা দিয়েছেন তিনি। এই মুহূর্তে দেশের বয়স্কতম প্রাক্তন রেলকর্মী। অবসরপ্রাপ্ত গার্ডকে সম্মান জানাতে অভিনব সিদ্ধান্ত নিল সেন্ট্রাল রেল। সোমবার সেন্ট্রাল রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবাজি সুতার জানিয়েছেন, সেন্ট্রাল রেল সিদ্ধান্ত নিয়েছে প্রাক্তন গার্ডকে দ্বিগুণ পেনশন দেওয়া হবে।
১৯৫১ সালে গ্রেট ইন্ডিয়ান পেনিনসুলার রেলেওয়ে তথা জিআইপিআরে রেলের গার্ড হিসেবে কাজে যোগ দিয়েছিলেন কেশব নারহার বাপাত। অবসর নেন আজ থেকে প্রায় ৪২ বছর আগে। ১৯৭৮ সালে।
গত শনিবার ভুসাওয়ালের ডিভিশনাল ম্যানেজার বিকাশ কুমার গুপ্ত ও আরও কয়েক জন রেল আধিকারিক ফুলের তোড়া, মিষ্টি এবং বার্থ ডে কার্ড নিয়ে হাজির হন বাপাতের বাড়িতে। রেল আধিকারিকদের দেখে তো হতবাক তাঁর বাড়ির লোক। ইদানিং কানে কিছুটা কম শোনেন শতবর্ষে পা দেওয়া অবসরপ্রাপ্ত রেলগার্ড। পরিবারের সদস্যরা তাঁকে গোটা বিষয়টা বুঝিয়ে বলেন। শুনে সে কী আনন্দ তাঁর।
জিআইপিআরে যে বছর কাজে যোগ দিয়েছিলেন বাপাত সে বছরই তা সেন্ট্রাল রেলে রূপান্তরিত হয়। লড়াকু জীবন তাঁর। রেলে চাকরি করার আগে সেনাবাহিনীতে কাজ করতেন তিনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে একাধিক দেশে গিয়েছেন। সেন্ট্রাল রেলের আধিকারিকরা সংবাদমাধ্যমে জানিয়েছেন, বাপাতকে এই সম্মান জানাতে পেরে রেল গর্বিত। ডিসেম্বর মাসের এক তারিখ থেকেই নতুন হারে আজীবন পেনশন পাবেন একদা সেনাবাহিনীতে কাজ করা অবসরপ্রাপ্ত রেল গার্ড।