
টয়ট্রেনের ধাক্কায় মৃত্যু
শেষ আপডেট: 12 June 2024 18:18
দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণবঙ্গে চলছে তাপপ্রবাহ। গরমে নাজেহাল সাধারণ মানুষ। তবে বিগত কয়েকদিন ধরে কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টি হচ্ছে। গরম থেকে সেখানকার মানুষ রেহাই পাচ্ছেন ঠিকই, তবে টানা বৃষ্টির জেরে বাড়ছে দুর্ঘটনাও। বুধবার টয়ট্রেনের ধাক্কায় উত্তরবঙ্গে মৃত্যু হয়েছে এক যুবকের।
কার্শিয়াং রেল স্টেশনের কাছে টয়ট্রেনে চাপা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে বলে খবর মিলছে। স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, দার্জিলিং থেকে শিলিগুড়ির দিকে যাচ্ছিল টয় ট্রেনটি। সেই সময়ই সূর্য নামের বছর আঠারোর এক যুবক ট্রেনের নীচে চাপা পড়ে যায়। তাঁকে সঙ্গে সঙ্গে উদ্ধার করে কার্শিয়াং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো সম্ভব হয়নি।
এই ঘটনার কথা শুনে প্রাথমিকভাবে সকলে অবাকই হচ্ছেন। কারণ টয়ট্রেন এমনিতেই খুব আস্তে চলে। এক্সপ্রেস ট্রেন তো দূর, সাধারণ লোকাল ট্রেনের মতোও তার স্পিড নয়। তাই কীভাবে টয়ট্রেনে চাপা পড়ে ওই যুবকের মৃত্যু হল তা খতিয়ে দেখছে পুলিশ। ট্রেনের কোনও গন্ডগোলের জেরে এমন হয়েছে কিনা, সেটাও দেখা হচ্ছে। যদিও এর আগেও পাহাড়ে টয়ট্রেনের ধাক্কায় মৃত্যুর ঘটনা ঘটেছে। গত বছর এক বৃদ্ধের মৃত্যু হয়েছিল।
চলতি বছরের এপ্রিল মাসেও টয়ট্রেনকে কেন্দ্র করে উদ্বেগ বাড়ে। কারণ পর্যটকদের নিয়ে আসা একটি প্রাইভেট গাড়ির সঙ্গে সংঘর্ষ হয় টয়ট্রেনের। ঘুম থেকে দার্জিলিং নামার সময়ে ওই গাড়িটি টয়ট্রেনে ধাক্কা মারে। গাড়ির সঙ্গে সংঘর্ষে কিছুক্ষণের জন্য পুরোপুরি বন্ধ হয়ে যায় ট্রেনের পরিষেবা। রাস্তায় যান চলাচলও বন্ধ হয়ে যায়।