
শেষ আপডেট: 19 October 2023 16:13
দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: পুজোর মধ্যেও রাজনৈতিক অশান্তি ঠেকানো যাচ্ছে না। এবার পঞ্চমীর দিন কাকভোরে বিজেপির পঞ্চায়েত সদস্যর বাড়ি লক্ষ্য করে চলল বোমাবাজি। তেতে উঠল রানাঘাটের আনুলিয়া পঞ্চায়েত এলাকা।
রানাঘাট থানার আনুলিয়া গ্রাম পঞ্চায়েতের কায়েতপাড়ার জগপুর রোড-এর পাশে বিজেপির পঞ্চায়েত প্রার্থী অপর্ণা পালের বাড়ি। সেখান তিনি স্বামীর সঙ্গে থাকেন। বৃহস্পতিবার ভোরের আলো ফোটার সময় হঠাৎই পর পর বোমা ফাটার শব্দ শুনতে পান এলাকার লোকজন।
বিকট শব্দ শুনে বাইরে বেরিয়ে আসেন পাল দম্পতি। দেখেন, তাদের বাড়ির বারান্দার একাংশ কালো হয়ে গেছে। অপর্ণাদেবীর স্বামী কাঠের ব্যবসায়ী। বাড়ির সামনে দোকান রয়েছে। সেখানে গিয়ে দেখেন শাটারের একাংশ ভাঙা অবস্থায় পড়ে রয়েছে।
এ বছর পঞ্চায়েত নির্বাচনে আনুলিয়া পঞ্চায়েতের ৭৬ নম্বর বুথ থেকে বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হয়েছেন অপর্ণা। পঞ্চায়েতের মোট ২৭ টি আসনের মধ্যে তৃণমূল ২৩ ও বিজেপি ৪টি আসনে জয়ী হয়েছে।
রাজনৈতিক প্রতিহিংসায় তাঁর বাড়ির লক্ষ্য করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই ঘটনা ঘটিয়েছে বলে অপর্ণা দেবীর দাবি। তৃণমূলের পাল্টা দাবি, এই ঘটনা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের জেরে ঘটেছে। খবর পেয়ে এলাকায় পৌঁছয় রানাঘাট থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে।