
শেষ আপডেট: 15 January 2023 08:27
দ্য ওয়াল ব্যুরো: উত্তরপ্রদেশে বিরোধী জোটে শামিল না হওয়ার কথা আগেই ঘোষণা করে দিয়েছেন বহুজন সমাজবাদী পার্টির (BSP) সুপ্রিমো মায়াবতী (Mayawati)। এবার চলতি বছরে বিধানসভা নির্বাচনগুলিতেও তাঁর দল কোনও ধরনের বিরোধী জোটে যোগ দেবে না বলে রবিবার জানালেন বহুজন সমাজবাদী পার্টির নেত্রী।
২০২৪-এর লোকসভা ভোটেও বিএসপি একাই লড়বে বলে এদিন ঘোষণা করেছেন বহুজন সমাজের এই জনপ্রিয় নেত্রী। সব মিলিয়ে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে জোটের জুতোয় পা গলাতে নারাজ, নতুন বছরের গোড়াতেই স্পষ্ট করে দিলেন তিনি।
এর আগে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি একলা চলার কথা ঘোষণা করেছে। মায়াবতীর দলের ভোটের ঝুলি অনেকটা খালি হয়ে গেলেও বিএসপি এখনও জাতীয় দল। গুজরাতের ভোটের পর জাতীয় দলের স্বীকৃতি মিলেছে আপেরও। ফলে ২০২৪-এর লোকসভা ভোটের আগে দুটি জাতীয় দল সম্ভাব্য বিরোধী জোট থেকে সরে গেল।
মায়াবতী আজ রবিবার ৬৭ বছর পূর্ণ করলেন। এই উপলক্ষে তিনি দলকে রাজনৈতিক দিশা দিয়েছেন। নতুন বার্তায় স্পষ্ট করেছেন, একলা চলাই হবে আপাতত তাঁর লক্ষ্য।
বিএসপি সুপ্রিমো বলেন, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্রিশগড়, তেলেঙ্গানার মতো বড় রাজ্যগুলিতে এই বছর বিধানসভা ভোট আছে। এইসব রাজ্যেই বিএসপির যথেষ্ট ভোট রয়েছে। তাঁর বক্তব্য, জোট করে তিনি ভোট হারাতে চান না। বিএসপি নেত্রীর যুক্তি, বিগত কয়েকটি নির্বাচনে তাঁর দলের খারাপ ফল হওয়ার আসল কারণ ইভিএম। তিনি বলেন, পেপার ব্যালটে ভোট হলে বিএসপির ধারে কাছে দাঁড়াতে পারবে না অনেক দল। তিনি চান নিজের দলের ভোট ধরে রাখতে। জোট করে ভোটের ময়দানে মাটি খোওয়ানোর পথে তিনি হাঁটবেন না বলে এদিন ঘোষণা করেন মায়াবতী।
বিএসপি নেত্রীর এই ঘোষণাকে রাজনৈতিক মহলের একাংশ তাঁর ব্যক্তিগত স্বার্থ রক্ষা হিসাবে দেখছে। উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির গুরুতর অভিযোগে তদন্ত করছে সিবিআই। সেই কারণে তিনি বিজেপি ও কেন্দ্রীয় সরকারকে চটাতে চাইছেন না।
গত বছর উত্তরপ্রদেশ বিধানসভার ভোটে কংগ্রেস সহ একাধিক দল তাঁর সঙ্গে জোটের প্রস্তাব দিলেও তিনি রাজি হননি। এমনকী তিনবারের প্রাক্তন এই মুখ্যমন্ত্রী বিধানসভা ভোটে দলকে সেভাবে মাঠেও নামাননি। ফলে মাত্র দুটি আসন পেয়ে সন্তুষ্ট থাকতে হয় তাঁকে।
বিহারে রামচরিতমানস বিতর্কে ফাটল লালু-নীতীশের দলে, তাল ঠুকছে বিজেপি