
শেষ আপডেট: 1 September 2023 14:55
দ্য ওয়াল ব্যুরো: সারা পৃথিবীতে ভারতীয় রান্নার কদর রয়েছে যথেষ্ট। অন্যান্য দেশের তুলনায় ভারতের যে কোনও প্রদেশের রান্নাতেই তেলের ব্যবহার তুলনামূলক বেশি। অধিক পরিমাণে ভোজ্য তেল বা সর্ষের তেলের ব্যবহারে খাবারের স্বাদ ভাল হয়। তবে স্বাদের সঙ্গে আপস না করতে গিয়ে স্বাস্থ্যের হাল বেহাল হওয়ার ছবিটিও ঘরে ঘরে একই রকম। সেই কারণেই তেলের ব্যবহারে কিছু বদল আনলে এড়ানো যেতে পারে কোলেস্টেরল বা হৃদরোগের ঝুঁকি। ভোজ্য তেলের বদলে অলিভ অয়েলের ব্যবহার করলে তা স্বাস্থ্যের খেয়াল রাখবে, সঙ্গে প্রতিদিনের মেনুতেও আনবে নতুনত্ব স্বাদ।
হৃদযন্ত্র ভাল রাখে
যেখানে সর্ষের তেল বা কমদামী সোয়া তেল হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়িয়ে দেয় সেখানে অলিভ অয়েল হৃদযন্ত্রকে ভাল রাখে। এই তেলের মধ্যে মনোআনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড থাকে যা ক্ষতিকর এলডিএলএর বদলে ভাল কোলেস্টেরল বা এইচডিএলের পরিমাণ বাড়ায়।
সহজে পোড়ে না
অলিভ অয়েলের জ্বলনাঙ্ক অন্যান্য তেলের তুলনায় অনেকটাই বেশি। ফলে এই তেল সহজে পোড়ে না। যে তেল পুড়ে যায় না এমন তেলে ডিপ ফ্রাই, ভাজা বা সঁতে করা অপেক্ষাকৃত স্বাস্থ্যকর।
স্বাদ
অলিভ তেলের ব্যবহারে খাবার অতিরিক্ত তৈলাক্ত হয়ে যায় না। এর ফলে খাবারের স্বাভাবিক স্বাদও বজায় থাকে। সেই কারণেই যারা অতিরিক্ত তেলমশলা দেওয়া খাবার খেতে পছন্দ করেন না তাঁরা অলিভ অয়েলের রান্না খান নিশ্চিন্তে।
হালকা
রান্নায় ব্যবহার করা অন্যান্য ভোজ্য তেলের তুলনায় অলিভ ওয়েল অনেক বেশি হালকা। এর ফলে এই তেলে রান্না করা খাবার হজম করা অনেক বেশি সুবিধাজনক। সহজে এই তেলে রান্না করা খাবার খেয়ে অম্বল বা বদহজমের ভয়ও থাকে না।
অ্যান্টিঅক্সিডেন্ট
অলিভ অয়েলের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট। এর ফলে এই তেলের রান্না খেলে শরীরে ভিটামিন ই বা পলিফেনলের মতো উপাদানগুলি যাবে যা স্বাস্থ্যকে ভাল রাখবে।