কলকাতায় ৯৪ বছর বয়সে করোনা জয়! গাছের চারা নিয়ে বাড়ি ফিরলেন বৃদ্ধ, নজির মেডিক্যাল কলেজ হাসপাতালে
দ্য ওয়াল ব্যুরো: করোনা জয়ের নজির গড়লেন উত্তর কলকাতার বিডন স্ট্রিটের বাসিন্দা, ৯৪ বছরের বৃদ্ধ! এর আগে টালিগঞ্জের বাঙ্গুর হাসপাতালে ৯২ বছর বয়সি একজন করোনা আক্রান্ত ভর্তি হয়েছিলেন। তবে তাঁকে বাঁচানো যায়নি। কিন্তু এবার কার্যত অসাধ্য সাধন করেছ
শেষ আপডেট: 25 June 2020 15:24
দ্য ওয়াল ব্যুরো: করোনা জয়ের নজির গড়লেন
উত্তর কলকাতার বিডন স্ট্রিটের বাসিন্দা, ৯৪ বছরের বৃদ্ধ! এর আগে টালিগঞ্জের বাঙ্গুর হাসপাতালে ৯২ বছর বয়সি একজন করোনা আক্রান্ত ভর্তি হয়েছিলেন। তবে তাঁকে বাঁচানো যায়নি। কিন্তু এবার কার্যত অসাধ্য সাধন করেছে কলকাতা মেডিক্যাল কলেজ।
জানা গেছে, ৯৪ বছরের এই বৃদ্ধ, শ্বাসকষ্ট নিয়ে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন ৯ ই জুন। উপসর্গ দেখে করোনা পরীক্ষা করেন চিকিৎসকরা। ১৩ জুন তাঁর রিপোর্ট আসে, পজিটিভ আসে। এর পরেই শুরু হয় যুদ্ধ। অবশেষে ১৭ দিন কলকাতা মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন থাকার পরে বৃহস্পতিবার সুস্থ হয়ে বাড়ি ফেরেন তিনি। এ পর্যন্ত তিনিই রাজ্যের সবচেয়ে বয়স্ক মানুষ যিনি করোনায় আক্রান্ত হলেন। সকলকে চমকে দিয়ে সেরেও উঠলেন।
বৃদ্ধের পরিবার সূত্রের খবর, কিছুদিন আগে তাঁদেরই এক আত্মীয় করোনা রোগীর সংস্পর্শে আসেন। এর পরে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন ওই বৃদ্ধ। একে বার্ধক্য, তার উপর এমন মারণ রোগ-- বলতে গেলে হাল প্রায় ছেড়েই দিয়েছিলেন পরিবারের সদস্যরা। কিন্তু পরিবার থেকে শুরু করে চিকিৎসক-- সকলকে চমকে দিয়ে চিকিৎসায় সাড়া দিতে শুরু করেন তিনি।
তাঁর মনের জোর এবং বাঁচার ইচ্ছে দেখে অবাক হয়ে যান সকলে। শেষমেশ একেবারে সুস্থ হয়ে বাড়ি ফিরছেন ওই বৃদ্ধ। আজ, বৃহস্পতিবার কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে ছাড়া হয় তাঁকে। সকলের কাছেই এক দৃষ্টান্ত তৈরি করলেন নবতিপর মানুষটি।
এদিন কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীরা হাততালি দিয়ে বৃদ্ধকে সংবর্ধনা জানান। কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের সুপার ডক্টর ইন্দ্রনীল বিশ্বাস তাঁর হাতে একটি গাছের চারা উপহার স্বরূপ তুলে দেন।