দ্য ওয়াল ব্যুরো : গত মাসে অরুণাচলে অপহৃত হয়েছিলেন অয়েল ড্রিলিং কোম্পানির দুই কর্মী। তাঁরা কুইপো নামে এক বেসরকারি সংস্থার কর্মী ছিলেন। কোনও গোপন জায়গা থেকে ভিডিও বার্তায় তাঁরা বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ও অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়ালের কাছে আবেদন জানিয়েছেন, আমাদের বাঁচান। অপহৃতদের একজন হলেন রাম কুমার। তাঁর বয়স ৩৫। কোম্পানির রেডিও অপারেটর ছিলেন। অপরজনের নাম প্রণব কুমার গগৈ। বয়স ৫১। তিনি ছিলেন ড্রিলিং সুপারিনটেনডেন্ট। দুজনকে অপহরণ করে উলফা ইনডিপেনডেন্ট ও এনএসসিএন নামে দুই জঙ্গি গোষ্ঠী।
উলফা ইনডিপেনডেন্ট অপহৃতদের দু'টি ভিডিও প্রকাশ করেছে। তাতে দেখা যাচ্ছে, দুই অপহৃত নিজেদের রাজ্যের মুখ্যমন্ত্রীদের কাছে আবেদন জানিয়েছেন, তাঁদের যেন নিরাপদে বাড়ি ফেরানোর ব্যবস্থা করা হয়।
গত ২১ ডিসেম্বর অয়েল ইন্ডিয়া লিমিটেডের ড্রিলিং সাইট থেকে জঙ্গিরা তাঁদের অপহরণ করে। জায়গাটি অরুণাচলের চাংলাং জেলায় অবস্থিত। রামকুমার ভিডিও বার্তায় বলেছেন, "কোম্পানির সঙ্গে উলফা ও এনএসসিএনের বিরোধ ছিল। সেজন্য একমাস আগে আমাদের অপহরণ করা হয়। আমি বিহার ও অসমের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছি, তাঁরা যেন আমাদের মুক্ত করেন।" অপর অপহৃত প্রণব কুমার গগৈও একই কথা বলেছেন। একটি সূত্রে জানা গিয়েছে, জঙ্গিরা অপহৃতদের প্রত্যেকের জন্য ২০ কোটি টাকা করে মুক্তিপণ চেয়েছে।
তিন বছর আগে অসমের তিনসুকিয়া জেলা থেকে কুলদীপ মোরান নামে এক ব্যক্তিকে অপহরণ করে উলফা ইনডিপেনডেন্ট। মুক্তিপণ হিসাবে তারা কয়েক লক্ষ টাকা আদায় করে।
অপহৃতরা যে সংস্থায় কাজ করতেন, তার এক অফিসার জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে কোম্পানি আর্জি জানিয়েছে যাতে দু'জনকে দ্রুত উদ্ধারের চেষ্টা করা হয়। অরুণাচলের চাংলাং জেলা থেকে গত কয়েক বছরে বেশ কয়েকজন অপহৃত হয়েছেন। ওই জেলা মায়ানমারের সীমান্তে অবস্থিত। উত্তর-পূর্বের বেশিরভাগ জঙ্গি গোষ্ঠী ওই সীমান্তের কাছে কোনও অজ্ঞাত জায়গায় ঘাঁটি বানিয়েছে।