দ্য ওয়াল ব্যুরো : বাংলাদেশে একাদশ সাধারণ নির্বাচনের ২৪ ঘণ্টা আগে বিরোধীরা অভিযোগ করলেন, তাঁদের পোলিং এজেন্টদের বাড়ি বাড়ি হানা দিচ্ছে পুলিশ। অনেককে গ্রেফতার করা হয়েছে। বাকিদের হেনস্তা করা হচ্ছে। ফলে সব পোলিং স্টেশনে প্রার্থী দিতে পারবেন কিনা, সে ব্যাপারে নিশ্চিত নন বিরোধীরা।
বিরোধী জাতীয় ঐক্য ফ্রন্টের কয়েকজন নেতা ও প্রার্থী সাংবাদিকদের জানিয়েছেন, তাঁদের অনেক এজেন্ট পুলিশের ভয়ে আত্মগোপন করেছেন। কোনও কোনও এজেন্টকে গ্রেফতার করে হয়েছে। তাঁদের জায়গায় কাদের এজেন্ট করা যায়, ভেবে পাচ্ছেন না প্রার্থীরা। এত অল্প সময়ে মধ্যে নতুন কাউকে এজেন্ট ঠিক করা মুশকিল হয়ে উঠেছে।
গত ১৩ অক্টোবর বিএনপি ও আরও কয়েকটি বিরোধী দল মিলে জাতীয় ঐক্য ফ্রন্ট গঠন করে। তার নেতা কামাল হোসেন। তিনি ছিলেন বঙ্গবন্ধু মুজিবর রহমানের ঘনিষ্ঠ সহযোগী। তাঁকে সবাই ধর্মনিরপেক্ষ, উদার মানসিকতার মানুষ বলেই জানে। দেশের সংবিধান রচনায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। তিনি বিরোধী জোটের নেতা হলেও ভোটে লড়ছেন না। বিএনপি নেত্রী খালেদা জিয়াও জেলে। তাঁর ছেলে তারিক রহমানের নামেও গুরুতর দুর্নীতির অভিযোগ আছে। তিনি এখন লন্ডনে থাকেন। দেশে ফিরলেই তাঁকে গ্রেফতার করা হবে।
বিরোধীরা আশঙ্কা করছেন, ভোটের আগে তাঁদের আরও কাউকে গ্রেফতার করা হতে পারে। অন্যদিকে সাধারণ ভোটাররা ভয় পাচ্ছেন, ভোটের সময় গোলমাল হতে পারে। নির্বাচন কমিশন অবশ্য বলেছে, আমরা সবরকম নিরাপত্তার ব্যবস্থা করেছি। আশা করছি রবিবার ভোট হবে উৎসবের মেজাজে। কিন্তু তাতে আশঙ্কা কাটছে না।
বিএনপি-র সাধারণ সম্পাদক মির্জা ফখরুল ইসলাম আলমগিরের ঘনিষ্ঠ এক ব্যক্তি জানিয়েছেন, তাঁদের বহু প্রার্থী নেতাদের ফোনে অনুরোধ করছেন, আমাদের ভোটের লড়াই থেকে সরে দাঁড়াতে অনুমতি দেওয়া হোক। কারণ অনেকের এজেন্ট গ্রেফতার হয়ে গিয়েছে। অন্য এজেন্টদের হুমকি দেওয়া হচ্ছে, কেউ যেন পোলিং স্টেশনে না যায়।
বিএনপি-র স্ট্যান্ডিং কমিটি থেকে কর্মীদের বলা হয়েছে, নিরাপদ জায়গায় থাকুন। গ্রেফতারি এড়িয়ে চলুন। ভোটে জালিয়াতির চেষ্টা হলে রুখে দিন সঙ্গে সঙ্গে।
বিএনপির স্ট্যান্ডিং কমিটির সদস্য এবং ঐক্য ফ্রন্টের ঢাকা-৩ আসনের প্রার্থী গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আমাকেও আক্রমণ করা হয়েছিল। আমি আহত হয়েছি। তা বলে ভয় পাইনি। আমি অবশ্যই লড়াইয়ে আছি। আমার আশা, মানুষ ভোটে বিপ্লব ঘটিয়ে দেবেন।
অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এজেন্টদের নিরাপত্তা নিয়ে অন্যদের মতো আমিও চিন্তিত।