‘জয় বাংলা’ স্লোগান শুনে ক্ষিপ্ত হলেন তিনি। গাড়ি থামিয়ে তেড়ে গেলেন এক ব্যক্তির দিকে। তাঁকে রোহিঙ্গা বলেও সম্মোধন করলেন। ঘটনার ভিডিও ভাইরাল হতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

শুভেন্দু (ফাইল ছবি)
শেষ আপডেট: 30 July 2025 21:58
দ্য ওয়াল ব্যুরো: রাজনীতির মঞ্চে ফের বিতর্কের কেন্দ্রে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হুগলির রাধানগরে কন্যাসুরক্ষা যাত্রায় যোগ দিতে গিয়ে ‘জয় বাংলা’ স্লোগান শুনে ক্ষিপ্ত হলেন তিনি। গাড়ি থামিয়ে তেড়ে গেলেন এক ব্যক্তির দিকে। তাঁকে রোহিঙ্গা বলেও সম্মোধন করলেন। ঘটনার ভিডিও ভাইরাল হতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
ঘটনাটি ঘটেছে হুগলির পুরশুড়া বিধানসভার অন্তর্গত হেলান এলাকায়। এ দিন শুভেন্দু অধিকারী সেখানে পৌঁছনোর সময় তাঁকে দেখে ‘জয় বাংলা’ স্লোগান দেন স্থানীয় তৃণমূল সমর্থক শেখ মইদুল। স্লোগান কানে যাওয়া মাত্রই গাড়ি থেকে নেমে পড়েন বিরোধী দলনেতা। তিনি মইদুলের দিকে তেড়ে গিয়ে পাল্টা ‘জয় শ্রীরাম’ স্লোগান দেন। মুহূর্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়।
জয় শ্রীরাম শুনে ফের জয় বাংলা বলায় শুভেন্দু ওই তৃণমূল কর্মীকে রোহিঙ্গা বলে কটাক্ষ করেন। পাল্টা মইদুলও বলেন, 'আপনিও রোহিঙ্গা।' এরপর শুভেন্দু নিরাপত্তারক্ষীদের নির্দেশ দেন তাঁকে ঘটনাস্থল থেকে সরিয়ে দেওয়ার জন্য।
এই ঘটনার ভিডিও মুহূর্তে ছড়িয়ে পড়ে সোশাল মিডিয়ায়। তৃণমূল কংগ্রেস সেই ভিডিও শেয়ার করে বিরোধী দলনেতাকে তীব্র কটাক্ষ করে। শাসক দলের দাবি, শুভেন্দু অধিকারী ভয় পেয়ে গিয়েছিলেন বলেই এমন প্রতিক্রিয়া দেখিয়েছেন।
এ প্রসঙ্গে তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী বলেন, 'একজন জয় বাংলা স্লোগান দিলেন, শুভেন্দু তাঁকে জয় শ্রীরাম বলতে বললেন। তিনি আবার জয় বাংলা বললে, তাঁকে রোহিঙ্গা বললেন। বাংলার মাটিতে নির্বাচিত বিধায়ক হয়ে বাংলার জয় বলার জন্য কাউকে রোহিঙ্গা বলেন! রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন ‘বাংলার মাটি বাংলার জল’। তিনি বেঁচে থাকলে কি তাঁকেও রোহিঙ্গা বলতেন শুভেন্দু অধিকারী?'
তিনি এই প্রসঙ্গে প্রতুল মুখোপাধ্যায়ের বিখ্য়াত ‘আমি বাংলায় গান গাই’-এর প্রসঙ্গ তোলেন। ওঠে এই গান আজকের দিনে গাওয়ার কথাও। অরূপ বলেন, 'এই বিখ্যাত গান গাইলে কি প্রতুল মুখোপাধ্যায়কে রোহিঙ্গা বলতেন শুভেন্দু? এত নীচে নামিয়েছেন বিষয়টাকে! মহারাষ্ট্রের বিধায়ক ‘জয় মহারাষ্ট্র’, বিহারের বিধায়ক ‘জয় বিহার’ বলতেই পারেন, এই অধিকার সংবিধান দিয়েছে। শুভেন্দু সেই সংবিধান মানেন না। ভোটব্যাঙ্কের জন্য নীচে নামেন! মাতৃভাষা বাংলা, মাতৃভূমি বাংলা, এখানে বাংলার কথা বললে, ‘জয় বাংলা’ বললে তিনি রোহিঙ্গা বলেন। সাড়ে ১০ কোটি বাঙালি ‘জয় বাংলা’ই বলবে। বাংলাকে যারা বাঙালির মুখ থেকে মুছে দিতে চায়, তারাই বাংলা থেকে মুছে যাবে।'
অরূপের মন্তব্যের প্রেক্ষিতে অবশ্য তৃণমূলের কেউ এখনও কোনও মন্তব্য করেননি।