এই ঘটনার পর পাহাড়ে বেড়াতে যাওয়া পর্যটকদের উদ্দেশে আবারও সতর্কবার্তা জারি করেছে সিকিম প্রশাসন। উচ্চতায় দ্রুত ওঠার আগে পর্যাপ্ত বিশ্রাম নেওয়া, শরীর খারাপ লাগলে জোর করে ভ্রমণ না করা এবং প্রয়োজনে সঙ্গে সঙ্গে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

প্রতীকী ছবি।
শেষ আপডেট: 17 January 2026 08:47
দ্য ওয়াল ব্যুরো: উত্তর সিকিমে বেড়াতে গিয়ে মর্মান্তিক পরিণতি হল কলকাতার এক মহিলা পর্যটকের (Female tourist from Kolkata dies of altitude sickness)। মৃতের বয়স ৪৭ বছর। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, উঁচু এলাকায় পৌঁছনোর পরই তাঁর শরীরে ‘অলটিটিউড সিকনেস’-এর লক্ষণ দেখা দেয়। দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হলেও শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো যায়নি।
সিকিম প্রশাসনের তরফে জানানো হয়েছে, ওই মহিলা তাঁর কন্যা ও পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে উত্তর সিকিমে ভ্রমণে গিয়েছিলেন। লাচুং এলাকায় ওঠার পর থেকেই তিনি অসুস্থ বোধ করতে শুরু করেন। তবু শারীরিক অস্বস্তি থাকা সত্ত্বেও কয়েকটি দর্শনীয় স্থানে তিনি ঘুরে দেখেন বলে পরিবারের তরফে জানানো হয়েছে।
বৃহস্পতিবার তাঁরা জিরো পয়েন্ট ও ইউমথাং ভ্যালি ঘুরে লাচুংয়ের হোটেলে ফেরেন। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৯,৬০০ ফুট উচ্চতায় অবস্থিত এই এলাকায় ফেরার পরই মহিলার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। রাতে খাবার খেয়ে বিশ্রাম নিতে গেলেও মাঝরাতে পরিস্থিতি গুরুতর হয়ে ওঠে। ঘনঘন বমি ও শ্বাসকষ্ট শুরু হয়।
রাত প্রায় ২টো নাগাদ পরিবারের সদস্যরা তাঁকে দ্রুত লাচুংয়ের সেনা মেডিক্যাল ক্যাম্পে নিয়ে যান। কিন্তু সেখানে পৌঁছনোর পরই চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। প্রাথমিক ভাবে চিকিৎসকদের অনুমান, উচ্চতাজনিত অসুস্থতা বা ‘অলটিটিউড সিকনেস’-এর কারণেই এই মৃত্যু হয়েছে।
ঘটনার খবর পেয়ে স্থানীয় পুলিশ তদন্ত শুরু করেছে। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। ময়নাতদন্তের পর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানানো হয়েছে প্রশাসনের তরফে।
এই ঘটনার পর পাহাড়ে বেড়াতে যাওয়া পর্যটকদের উদ্দেশে আবারও সতর্কবার্তা জারি করেছে সিকিম প্রশাসন। উচ্চতায় দ্রুত ওঠার আগে পর্যাপ্ত বিশ্রাম নেওয়া, শরীর খারাপ লাগলে জোর করে ভ্রমণ না করা এবং প্রয়োজনে সঙ্গে সঙ্গে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।