
শেষ আপডেট: 30 August 2023 15:54
দ্য ওয়াল ব্যুরো: রবিবার যুবভারতীতে ডুরান্ড ফাইনালে (Durand Cup) ইস্টবেঙ্গল কি সমর্থকহীন মাঠে খেলতে নামবে? এমন একটা প্রশ্ন মাথাচাড়া দিয়ে উঠছে। কারণ মঙ্গলবার সেমিফাইনাল ম্যাচে দুই গোলে পিছিয়ে থেকে নর্থ ইস্টের বিরুদ্ধে জিতে মাঠ ছাড়ে ইস্টবেঙ্গল।
জয়ের পরেই লাল হলুদ সমর্থকরা সারা মাঠে গণ্ডগোলে জড়িয়ে পড়েছিলেন। নর্থ ইস্ট ইউনাইটেড একটি চিঠিতে ফেডারেশনকে জানিয়েছে, মাঠে তাদের কিছু সমর্থক এসেছিলেন উত্তর পূর্বাঞ্চল থেকে। তাঁদের আক্রমণ করা হয়েছে। এমনকী বর্ণবৈষম্যমূলক কথা বলা হয়েছে। যেটি ফেডারেশন (Durand Cup) বেশ কড়া হাতে দমন করতে চায়। তারা এদিনই একটি তদন্ত কমিটি গঠন করেছে। সেখানে একটি ভিডিওতে দেখা গিয়েছে, লাল হলুদ সমর্থকরা উত্তেজিত হয়ে তাঁদের প্রতিক্রিয়া জানাচ্ছেন।
ফেডারেশনের সাধারণ সচিব সাজি প্রভাকরণ জানিয়ে দিয়েছেন, দোষ প্রমাণিত হলে ইস্টবেঙ্গলকে জরিমানা করা হতে পারে। পাশাপাশি ডুরান্ড ফাইনালে সমর্থকশূন্য খেলতে হতে পারে। সেটি নিয়ে সিদ্ধান্ত হতে কতদিন লাগে, সেটাই বিষয়।
ফেডারেশনের এই শীর্ষ কর্তা বলেছেন, আমরা ভিডিও দেখে জানতে পেরেছি সেদিন ইস্টবেঙ্গল সমর্থকরা কটুক্তি করেছিলেন। এমনকী বর্ণবৈষম্যের ঘটনাও ঘটেছে। আমরা যথাযথ ব্যবস্থা নেব। একটা অতিথি দলের সঙ্গে এমন আচরণ কখনই কাম্য নয়।
ইস্টবেঙ্গল ক্লাবের তরফ থেকে এদিন টুইট করে বলা হয়েছে, ফুটবল মাঠে সংহতির কোনও বিকল্প হয় না। আমরা বর্ণবৈষম্যকে উপেক্ষা করি। এই ঘটনায় আমরা ব্যথিত।
আরও পড়ুন: মোহনবাগান আত্মবিশ্বাসী, সেমির আগে হুঙ্কার কামিন্সের, ‘আমরাই ভারতের সেরা দল’