দ্য় ওয়াল ব্য়ুরো: উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর গাড়ি আটকে বিক্ষোভ দেখালেন যুব তৃণমূলের কর্মী সমর্থকরা। নিজের বিধানসভা কেন্দ্র নাটাবাড়ির দেওয়ানহাটে বিক্ষোভের মুখে পড়েন তিনি।
সোমবার দিনহাটার যুব তৃণমূল নেতা নিশীথ প্রামাণিকের সম্বর্ধনার আয়োজন করা হয় মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের এলাকা দেওয়ানহাটে। এই উপলক্ষে সকাল থেকেই পতাকা লাগাচ্ছিলেন যুব তৃণমূলের কর্মী সমর্থকরা। তাই নিয়েই গণ্ডগোলের সূত্রপাত বলে জানা গিয়েছে। তাঁর এলাকায় নিশীথবাবুকে সম্বর্ধনা দেওয়ার খবর পেয়ে রবীন্দ্রনাথবাবু ঘটনাস্থলে যান। অভিযোগ, যুবদের ধমকানো শুরু করতেই উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। মন্ত্রীকে ঘিরে স্লোগান দিতে শুরু করেন যুব তৃণমূলের সদস্য়রা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় কোতোয়ালি থানার পুলিশ। তার আগে কোনওক্রমে এলাকা ছাড়েন রবীন্দ্রনাথবাবু।
জানা গিয়েছে, এ বারের পঞ্চায়েত ভোটে দিনহাটায় বেশ কিছু আসনে নির্দল প্রার্থী দাঁড় করিয়ে তৃণমূলকে বেকায়দায় ফেলেছেন যুব তৃণমূল নেতা নিশীথ প্রামাণিক।
https://www.youtube.com/watch?v=MI1z5ieV3n4