বেকারত্ব নিয়ে উদাসীন সরকার, প্রতিবাদে ব্যস্ত রাস্তায় চপ ভেজে বিতরণ করল কংগ্রেস
দ্য ওয়াল ব্যুরো: বেকার সমস্যা নিয়ে রাজ্য ও কেন্দ্র— উভয় সরকারের উদাসীনতার অভিযোগ তুলে তার বিরুদ্ধে অভিনব প্রতিবাদ করল বর্ধমান জেলা যুব কংগ্রেস। বর্ধমানের কার্জন গেটের কাছে ব্যস্ত রাজপথের উপরে যুব কংগ্রেস কর্মীরা চপ ভেজে প্রতিবাদ জানানোর
শেষ আপডেট: 4 February 2020 13:09
দ্য ওয়াল ব্যুরো: বেকার সমস্যা নিয়ে রাজ্য ও কেন্দ্র— উভয় সরকারের উদাসীনতার অভিযোগ তুলে তার বিরুদ্ধে অভিনব প্রতিবাদ করল বর্ধমান জেলা যুব কংগ্রেস। বর্ধমানের কার্জন গেটের কাছে ব্যস্ত রাজপথের উপরে যুব কংগ্রেস কর্মীরা চপ ভেজে প্রতিবাদ জানানোর কর্মসূচি পালন করেন। জেলা যুব কংগ্রেসের সভাপতি গৌরব সমাদ্দারের নেতৃত্বে এদিন আন্দোলন হয়।
পথচলতি মানুষের সামনেই চপ ভাজা হয়, সেই চপ নাগরিকদের হাতে তুলে দেওয়া হয়। এই অভিনব প্রতিবাদের কারণ হিসেবে জেলা যুব কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, কেন্দ্রীয় সরকার হোক বা রাজ্যের সরকার, তারা বেকার সমস্যা নিয়ে পুরোপুরি উদাসীন।
গৌরব সমাদ্দার এদিন বলেন, “সংসদে যখন বেকারদের দুর্দশার কথা তুলে ধরা হচ্ছে তখন প্রধানমন্ত্রী থেকে শুরু করে অন্য মন্ত্রীরা সমস্যার ভয়াবহতা অস্বীকার করছেন। একই ভাবে রাজ্যে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে অন্য মন্ত্রীরা বেকারদের সমস্যাকে পাত্তা দিচ্ছেন না। সমস্যা এতটাই ভয়াবহ যে স্নাতকোত্তর পাশ করা যুবকরা ডোমের চাকরির জন্য আবেদন করছেন। অন্যদিকে চাকরি চাইতে গেলে মোদীজি পকোড়া ভাজতে বলছেন আর দিদি বলছেন চপ ভাজতে। বেকারদের সমস্যার দিকে কেউ ফিরেও তাকাচ্ছেন না।”

প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করতেই যুব কংগ্রেস এইভাবে প্রতিবাদের আয়োজন করেন এবং এর মধ্য দিয়ে সাধারণ মানুষকে প্রতিবাদে শামিল করতে চান তাঁরা। এদিন অন্তত আড়াইশো জন পথচারীরে ভেজিটেবল চপ খাওয়ানো হয়।
মাসখানেক ধরেই সোশ্যাল মিডিয়ায় একটি নম্বর দিয়ে বেকার হিসাবে নিজেকে নথিভুক্ত করার আবেদন করে আসছে যুব কংগ্রেস। এদিনও সেই মোবাইল ফোন নম্বরটি দেওয়া হয় যেখানে মিসড কল করে বেকার হিসাবে নিজেকে নথিভুক্ত করা যাবে। চপ খাওয়ানোর সঙ্গে এই বিষয়টিও প্রচার করা হয়।
এই আন্দোলনে যুব কংগ্রেসের চল্লিশ জন মতো সদস্য উপস্থিত ছিলেন।