দ্য ওয়াল ব্যুরো: তেলের ট্যাঙ্কারের ধাক্কায় মৃত্যু হল মোটরবাইক আরোহী মহিলার। আহত তাঁর স্বামী ও কন্যা। সোমবার বিকেলে পূর্ব বর্ধমানের জিটি রোডের মেমারি থানার হাটপুকুর এলাকায়। মৃতার নাম টুম্পা ঘোষ। ৩৫ বছরের টুম্পার স্বামী হরিহর ঘোষ ও মেয়ে অঙ্কিতা ঘোষ মেমারি হাসপাতালে ভর্তি।
জানা গেছে, তাঁদের আদি বাড়ি কালনা থানার অকালপৌষ গ্রামে। বর্তমানে তাঁরা মেমারি থানার রসুলপুর মাঠপাড়ায় বসবাস করেন। এদিন স্ত্রী ও কন্যাকে সঙ্গে নিয়ে অসুস্থ বাবাকে দেখতে অকালপৌষ গ্রামের বাড়িতে গিয়েছিলেন হরিহর ঘোষ। সেখান থেকেই তাঁরা বাইকে করে মেমারি ফিরছিলেন।
পথে জিটি রোডে হাটপুকুর পেট্রোল পাম্পের কাছে একটি ট্যাঙ্কার মোটরবাইকটিকে ধাক্কা মারে। সেই ধাক্কায় বেসামাল হয়ে ছিটকে পড়ে যান টুম্পা। ট্যাঙ্কারের চাকার নীচে চলে যান তিনি, পিষে যান মর্মান্তিক ভাবে। দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় টুম্পা। বাইক নিয়ে উল্টো দিকে ছিটকে পড়ে আহত হন টুম্পার স্বামী ও নবম শ্রেণির পড়ুয়া তাঁর কন্যা।
ট্যাঙ্কারের চালক-সহ আটক করে মেমারি থানার পুলিশ দুর্ঘটনার তদন্ত শুরু করেছে।