
শেষ আপডেট: 22 May 2023 17:05
দ্য ওয়াল ব্যুরো: কালিয়াগঞ্জের অ্যাম্বুলেন্স কাণ্ডের (Kaliganj Incident) পরই নড়েচড়ে বসেছিল স্বাস্থ্য দফতর। উত্তর দিনাজপুরের জেলার স্বাস্থ্য আধিকারিক ও উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালের সুপারের থেকে রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছিল। এবার রাজ্যের হাসপাতালগুলিকে কড়া নির্দেশ দিল স্বাস্থ্য দফতর (West Bengal health Department)।
হাসপাতাল থেকে মৃতদেহ নিয়ে যাওয়া নিয়ে বারবার বেনিয়মের অভিযোগ উঠেছে। বিশেষত অ্যাম্বুলেন্স চালকদের দৌরাত্ম্যের ছবি সামনে এসেছে। কিন্তু এবার থেকে মৃতদেহ যাতে পরিবারের লোকেরা ঠিকঠাক নিয়ে যেতে পারেন, সেটা দেখতে হবে সংশ্লিষ্ট হাসপাতালকে!
সূত্রের খবর, কোনও মৃতদেহ রিলিজ করার আগে দেখে নিতে হবে, সেই মৃতদেহ নিয়ে যাওয়ার সবরকম ব্যবস্থা রয়েছে কিনা তা দেখতে হবে সংশ্লিষ্ট হাসপাতালকেই। শববাহী গাড়ি না থাকলে বডি ছাড়া যাবে না। যদি তেমন হয় হাসপাতালকেই সেই ব্যবস্থা করে দিতে হবে মৃতের পরিবারের জন্য। যাতে তারা দুর্ভোগে না পড়ে, সেটাও দেখতে হবে।
দিন কয়েক আগেই কালিয়াগঞ্জের অসীম দেবশর্মা তাঁর সদ্যোমৃত ৫ মাসের সন্তানকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স জোগাড় করতে পারেননি টাকার অভাবে। অগত্যা ব্যাগে ভরেই উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে নিজের বাচ্চাকে বাড়ি নিয়ে যান তিনি। ঘটনাটি জানাজানি হতেই হইচই পড়ে যায়। ভবিষতে যাতে এমন অপ্রীতিকর ঘটনা না ঘটে, তাই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে স্বাস্থ্য দফতর সূত্রে খবর।
'বাংলা সহায়তা কেন্দ্র' থেকে ১০ কোটির বেশি পরিষেবা দেওয়া হয়েছে! উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী