
শেষ আপডেট: 3 October 2022 11:49
দ্য ওয়াল ব্যুরো: পূর্বাভাস থাকলেও সপ্তমীতে (Durga Puja) কলকাতায় (Kolkata) বৃষ্টি (weather forecast) প্রায় হয়নি বললেই চলে। তবে অষ্টমীর ভোরেই কয়েক পশলা বৃষ্টিতে ভিজেছে শহর। এমনকি বিকেলেও বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের কিছু জায়গায়। তবে রাত বাড়লে কি বৃষ্টির পরিমাণ আরও বাড়বে?
আবহাওয়া দফতর জানিয়েছে, নিম্নচাপ তৈরি হওয়ায় রাজ্যের একাধিক জেলায় বৃষ্টি হতে পারে। তবে সব জায়গাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে দুটি ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে। পশ্চিম মধ্যসাগরে এই নিম্নচাপ ক্রমশ অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে এগোচ্ছে। এই নিম্নচাপ এলাকা থেকে একটি অক্ষরেখা সুদূর বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে।
সকাল থেকে কোনও না কোনও সময় পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, বাঁকুড়ার মতো জেলাগুলিতে বৃষ্টি হয়েছে। পুজোর জন্য আবহাওয়া দফতরের তরফে মাঝেমধ্যেই বৃষ্টির পূর্বাভাস দেওয়া হচ্ছে। সেখানেই বলা হয়েছে, আগামী দু'দিনে পরিবেশের উন্নতির তেমন কোনও সম্ভাবনা নেই। তবে সব জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। কোথাও কোথাও বজ্রপাত হতে পারে। সেক্ষেত্রে সকলকে সাবধান থাকতে বলা হচ্ছে।
এদিন উত্তরবঙ্গের কোনও কোনও জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে। তবে দু-একটি জায়গায় ভারী বৃষ্টিরও পূর্বাভাস দেওয়া হয়েছে। ৪ অক্টোবর, নবমীতেও উত্তরবঙ্গের বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ৫ অক্টোবরেও পরিস্থিতি বদলাবে না বলে মত হাওয়া অফিসের।
শুধু উত্তরবঙ্গ নয়, দক্ষিণেও বৃষ্টিপাত হবে বিক্ষিপ্ত। কলকাতা ও আশপাশের এলাকার জন্য পূর্বাভাসে বলা হয়েছে আকাশ সাধারণভাবে মেঘলাই থাকবে। তবে কোনও কোনও জায়গায় কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। অষ্টমীর মতোই পরিস্থিতি থাকবে নবমী এবং দশমীতেও। নিম্নচাপের জেরে এই দু'দিনেও বৃষ্টির পরিমাণ একইরকম থাকবে। তবে কাল এবং পরশু, অর্থাৎ নবমী-দশমীতে বীরভূম, নদিয়ার দিকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে।
মেডিসিনে নোবেল পেলেন সুইডিশ বিজ্ঞানী পাবো, যুগান্তকারী আবিষ্কারের শিরোপা