
শেষ আপডেট: 17 May 2023 05:31
দ্য ওয়াল ব্যুরো: ঘূর্ণিঝড় মোখার প্রভাব কাটতেই ঝড়বৃষ্টি শুরু হয়েছে রাজ্যজুড়ে। সোমবার ৮৪ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে কালবৈশাখী আছড়ে পড়েছিল দক্ষিণবঙ্গে। ঝড়-বৃষ্টির দাপটে প্রাণ গিয়েছিল ৬ জনের। যদিও মঙ্গলবার দক্ষিণের কিছু জেলায় বৃষ্টি হলেও শুকনো ছিল কলকাতা। সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করলেও আর্দ্রতার জেরে ঘেমে নাকাল রাজ্যবাসী। তার মধ্যেই হাওয়া অফিস ফের বৃষ্টির পূর্বাভাস দিয়েছে রাজ্যজুড়ে। আগামীকাল, অর্থাৎ বৃহস্পতিবার থেকেই জেলায় জেলায় বাড়বে বৃষ্টি (thunderstorm alert all over Bengal)।
হাওয়া অফিস সূত্রে খবর, আজ বুধবার সহ আগামী কয়েকদিন বেলা বাড়লেই পারদ চড়বে। সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তিও থাকবে। তবে বিকেলের পর থেকেই বদলাতে থাকবে আবহাওয়া। কালো মেঘের দেখা মিলবে, ঝেঁপে নামবে বৃষ্টি। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজও। কলকাতায় বুধবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.১ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬২ থেকে ৯০ শতাংশ।
আগামী শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গেই ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া এবং বজ্রপাতের আশঙ্কা থাকছে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে ঝড় এবং বজ্রপাতের পূর্বাভাস এবং সতর্কতা আগেভাগেই পাওয়ার জন্য দামিনী অ্যাপ ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। সেই সঙ্গে ঝড়ের সময় বাড়িতে থাকাই ভাল বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
উত্তরবঙ্গের জেলাগুলিতে শনিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি এবং হালকা ঝড়ের পূর্বাভাস। দার্জিলিং ও কালিম্পং জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। উত্তরবঙ্গের ৮টি জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রপাতের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
এর মধ্যেই মৌসম ভবন জানিয়েছে, চলতি বছর বর্ষা দেরিতে ঢুকবে বাংলায় (late monsoon)। এমনিতে প্রথমে কেরলে প্রবেশ করে মৌসুমী বায়ু। বাংলায় তার প্রভাবে বৃষ্টি শুরু হয় মোটামুটি ৮ জুন নাগাদ। তবে আবহাওয়া দফতর জানিয়েছে, চলতি বছর কেরলেই বর্ষা ঢুকবে দেরিতে। ফলে বাংলায় বৃষ্টি শুরু হতে আরও খানিক দেরি হবে বলেই অনুমান।
ঘূর্ণিঝড় মোখায় মৃত্যু বাড়ছে মায়ানমারে, বাংলাদেশে ঝড় বৃষ্টির তাণ্ডব চলছেই