দ্য ওয়াল ব্যুরো: ছাত্রীর সঙ্গে অভব্য আচরণের অভিযোগে এক গৃহশিক্ষককে বেধড়ক পেটাল গ্রামবাসীরা। জামা খুলিয়ে, মাটিতে ফেলে হাটুরে মার দেওয়া হল শিক্ষককে। ঘটনা দিনহাটার ওকরাবাড়ি এলাকার।
স্থানীয় সূত্রে খবর, ওই শিক্ষকের নাম সাজিনুর রহমান। গ্রামে তিনি সেলিম মাস্টার নামেই বেশি পরিচিত। বাড়ি বাড়ি গিয়ে টিউশন পড়ান সেলিম স্যর। এলাকায় তাঁর নামও রয়েছে। গ্রামবাসীদের দাবি, শিক্ষক হয়ে ছাত্রীর সঙ্গে এমন আচরণ কোনও ভাবেই বরদাস্ত নয়। তাঁর বিরুদ্ধে অভিযোগ নাকি আগেও উঠেছিল। তবে সেই সময় বিশেষ আমল দেননি গ্রামের লোকজন।
ওকরাবাড়ি এলাকারই একটি স্কুলের নবম শ্রেণিতে পড়ে ওই ছাত্রী। তাঁকে নিয়মিত বাড়ি গিয়ে পড়াতেন সেলিম মাস্টার। ছাত্রীর অভিভাবকদের দাবি, পড়াতে বসে কুৎসিত ইঙ্গিত করতেন ওই শিক্ষক। গায়ে হাত দেওয়ারও চেষ্টা করেছিলেন বেশ কয়েকবার। প্রথমে ভয় আর লজ্জায় গোটা ব্যাপারটাই চেপে গিয়েছিল মেয়েটা। অত্যাচার বাড়তে থাকায় একদিন বাড়িতে সব খুলে বসে সে।
ছাত্রীর পরিবার জানিয়েছে, প্রথমে এই ব্যাপারে অতটা গুরুত্ব দেননি তাঁরা। গত শনিবার ফের একই ঘটনা ঘটে। কাঁদতে কাঁদতে বাড়িতে সব জানায় মেয়েটি। এরপরেই শিক্ষকের কীর্তিকলাপ নিয়ে গ্রামবাসীদের সবকিছু জানান ছাত্রীর পরিবারের লোকজন।
গ্রামের এক বাসিন্দার কথায়, "সব শুনে আমরা একজোট হয়ে ওই শিক্ষককে পাকড়াও করি। গ্রামে এমন ঘটনা ঘটতে দেওয়া যায় না। আণরা পুলিশেও অভিযোগ জানাব।"