
শেষ আপডেট: 3 January 2023 17:13
দ্য ওয়াল ব্যুরো: ফের বাংলায় (West Bengal) আক্রমণের শিকার বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। ২ জানুয়ারি মালদহের কুমারগঞ্জের পর এদিন ফের কাচের কামরা লক্ষ্য করে ছোড়া হল পাথর (vandalism)। পরপর দুদিন একই ঘটনা ঘটায় বন্দে ভারতের নিরাপত্তা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে।
জানা গেছে, মঙ্গলবার বিকেলে এনজেপি থেকে ডাউন ট্রেনটি হাওড়ায় ফেরার সময় মালদহ স্টেশনে দাঁড়াতেই চোখে পড়ে ওই ভাঙা কাচগুলি। সি-৩ এবং সি-৬ কামরা লক্ষ্য করে এদিন পাথর ছোড়া হয়েছিল। তবে কখন এই আক্রমণ হয়েছে, তা প্রথমে জানা যায়নি।
এরপরেই শুরু হয় তদন্ত। তখন জানা যায় যে, আপে এনজেপি যাওয়ার সময় দুপুর দেড়টার আগে পাথর ছোড়া হয়েছিল ট্রেন লক্ষ্য করে। গন্তব্যে পৌঁছনোর আগে নিউ জলপাইগুড়ি রেল ইয়ার্ড এলাকায় এই পাথর ছুড়ে মারে কেউ বা কারা। এ বিষয়ে আরপিএফের সামসি পোস্টে একটি অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গিয়েছে।
উল্লেখ্য, সোমবার প্রথম বন্দে ভারতে পাথর ছোড়া হয়েছিল। গতকাল নিউ জলপাইগুড়ি থেকে ট্রেনটি যখন হাওড়া স্টেশনের দিকে আসছিল সেই সময় কুমারগঞ্জ স্টেশনের কাছে ট্রেন লক্ষ্য করে পাথর ছোড়া হয়। দুষ্কৃতীদের পাথরের হামলায় ভেঙে যায় ট্রেনের কাচের দরজা। আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। যদিও দ্রুত হামলার জায়গা পেরিয়ে এগিয়ে চলতে শুরু করে বন্দে ভারত।
এই নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বলেন, "'বন্দে ভারতে যারা পাথর ছুড়েছে তাদের দিন ঘনিয়ে এসেছে। উত্তরপ্রদেশ থেকে অসম, কোচবিহার হয়ে এবার বাংলায় বুলডোজার ঢুকছে। হাওড়ায় জয় শ্রীরাম স্লোগানের বদলা নিতেই ট্রেনে পাথর ছোড়া হয়েছে।"
নন্দীগ্রামের বিধায়কের এই অভিযোগকে উড়িয়ে তার পাল্টা দিয়েছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। কুণালবাবু বলেন, "কোনও ট্রেনেই এভাবে পাথর মারা উচিত নয়৷ এই কাজ করল কারা? আমার মনে হয় যারা সকাল থেকে বলছেন তাঁরাই এইসব করছেন হয়তো। সেটা আগে দেখা হোক। বাংলাকে বদনাম করতে ইচ্ছাকৃত চক্রান্ত করে ট্রেনে পাথর ছোড়া হচ্ছে।"
বন্দে ভারত এক্সপ্রেসে হামলা, মালদায় পাথরবৃষ্টি, ভাঙল কাচের দরজা