
শেষ আপডেট: 31 December 2022 11:44
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: অসময়ের বিশ্বকর্মা পুজোকে (Vishwakarma Puja) কেন্দ্র করে মেতে উঠল হুগলির (Hooghly) চণ্ডীতলা। বরাবর পৌষে বিশ্বকর্মার আরাধনা করে বেগমপুর এলাকার তন্তুবায় পরিবারগুলো। এখানে হাতি নয়, বিশ্বকর্মার বাহন ঘোড়া। কারণ মাকুতে যে ঘোড়ার খুরেরই শব্দ ওঠে!
দুর্গাপুজোর আগে থাকত তাঁতের শাড়ি তৈরির প্রচণ্ড ব্যস্ততা। সেই কারণে ভাদ্র মাসের শেষে বিশ্বকর্মা পুজো করার ফুরসত মিলত না। এই দু, প্রায় ৭০ বছর আগে বেগমপুরের ছোট তাজপুর কাঁঠালতলা গ্রামের দুই তাঁতি ছবি সেন এবং নিমাই কুন্ডু প্রথম পৌষ মাসের শুক্লা নবমী তিথিতে বিশ্বকর্মা পুজো শুরু করেন। নিজেরাই প্রতিমা গড়েন তাঁরা। তাঁতের মাকুর যে শব্দ ওঠে তার সঙ্গে বেশ মিল ঘোড়ার খুরের শব্দের। নিজেদের জীবিকার সঙ্গে সামঞ্জস্য রাখতেই বদলে দেন বিশ্বকর্মার বাহন। হাতির বদলে এখানে বিশ্বকর্মার বাহন ঘোড়া। আগে সাবেকি প্রতিমা পুজো হলেও গত কয়েক বছর ধরে এই পুজোতেও লেগেছে থিমের ছোঁয়া।
চন্দননগরের আলোয় ঝলমল করে বেগমপুর, খরসরাই, ছোট তাজপুর। তন্তুবায় পরিবারগুলোতে উৎসব চলে চারদিন ধরে। প্রায় তিরিশটি পুজো হয় বেগমপুরে। মেলা বসে, আত্মীয়-স্বজনরা আসেন। এক সময় এই গ্রামগুলোতে ঘরে ঘরে তাঁত বোনা হত। এখন সময় পাল্টেছে। হস্তচালিত তাঁতের জায়গা নিয়েছে পাওয়ারলুম, কলার মেশিন। নতুন প্রজন্মের ছেলেরা তাঁত ছেড়ে অন্য পেশায় যুক্ত হচ্ছেন। তবু পূর্বপুরুষদের ঐতিহ্য মেনে অকাল বিশ্বকর্মা পুজো নিয়ে মেতে ওঠেন তাঁরাও।
সেই ওড়িশা, এবার রহস্যজনকভাবে উধাও পুতিন সমালোচক রুশ নাগরিক