
শেষ আপডেট: 27 March 2023 09:56
দ্য ওয়াল ব্যুরো, বীরভূম : দারিদ্র নিত্যদিনের সঙ্গী। বেঁচে থাকার লড়াইয়ে এক দিনেরও ফুরসৎ নেই। মাথায় মাছের ঝুড়ি নিয়ে ঘুরে ঘুরে মাছ বিক্রি করেন বোলপুরের মাছ বিক্রেতা (Fish Seller) জীবন দাস। হঠাৎই তাঁর জীবন বদলে গেল এক লটারিতে (lottery)! পেয়ে গেলেন পুরো এক কোটি টাকা। এমন অভাবিত (Unexpected) ঘটনার আনন্দে এবং একই সঙ্গে ভয়ে মাঝ রাস্তায় অজ্ঞানও হয়ে গেলেন মাছ বিক্রেতা।
বোলপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জীবন দাস। দীর্ঘ ১৫ বছর ধরে শান্তিনিকেতনের বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে মাছ বিক্রি করেন। সাইকেল চালাতে সমস্যা হয়, তাই অগত্যা মাথায় ঝুড়ি নিয়েই বেরোতে হয়৷ অভাব অনটন তো গায়ে গায়ে লেগে থাকে সম্বৎসর। সংসারের হাল ধরতে তাঁর স্ত্রীও মাছ বিক্রি করেন৷ বড় ছেলে ট্রেনে হকারি করেন আর ছোট ছেলে রঙ মিস্ত্রি। কখনও কাজ থাকে আবার থাকে না। তাই সংসারের হাল ফেরাতে মাঝে মাঝেই লটারির টিকিট কাটেন জীবন বাবু। তবে সেই লটারি থেকে প্রথম পুরস্কারের এক কোটি টাকা পেয়ে যাবেন, সেটা সম্পূর্ণ আশার অতীত ছিল তাঁর।
বোলপুরের চৌরাস্তার লটারির দোকানে জেতার খবর শুনেই ছিনতাইকারীদের ভয়ে শরীরে কাঁপুনি দেয় তার। এতগুলো টাকা! যদি কোনও ভাবে টিকিটটা কেউ ছিনিয়ে নেন! সেই ভয়ে দোকান থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেও মাঝরাস্তায় অজ্ঞান হয়ে পড়ে যান তিনি। পথচারীরা চোখে মুখে জল দিয়ে তাঁকে সুস্থ করেন। শরীর ঠিক হলে বাড়ি গিয়ে লটারি জেতার কথা সকলকে জানান। তারপর সটান চলে যান থানায়। সেখানে গিয়ে নিজের এবং লটারির টিকিটটার সুরক্ষার জন্য একটি ডায়েরি করেন।
টাকা জিতে জীবন দাস জানান, 'ভয় হচ্ছিল, যদি কেউ টিকিটটা ছিনতাই করে নিয়ে পালায়। তাই থানায় একটা জেনারেল ডায়েরি করেছি। টাকা এখনো হাতে পাইনি। টাকাটা পেলে একটা বাড়ি বানাবো। পরিবারটা যে একটু স্বচ্ছল হবে, এটাই বড় প্রাপ্তি। তবে মাছ বিক্রি চলবে।'
তবে কালো টাকা সাদা করার উপায় হিসেবে অনেকেই বেশি টাকা দিয়ে টিকিট কিনতে চায়। সেকারণেই এত টাকা জেতার পর তাঁর সঙ্গে কেউ যোগাযোগ করেছেন কিনা জানতে চাইলে, জীবন বাবু জানান, 'এখনও কেউ যোগাযোগ করেনি। আর করলেও টিকিট দেওয়ার প্রশ্নই আসে না। এই সব ভয়েই তো তড়িঘড়ি ডায়েরি করেছি থানায়।‘
কোটি টাকা জিতলেও মাছ বিক্রি বন্ধ করবেন না জীবন বাবু। এত দিন মাছ বিক্রি করেই তো সংসার চালিয়েছেন। লটারি জিতে পেশা থেকে মুখ ঘুরিয়ে নেবেন না সেটা স্পষ্ট করেই জানিয়েছেন।
নাবালিকা খুনে তপ্ত তিলজলা, পার্কসার্কাসে রেল অবরোধ, বন্ডেল গেটে বসে পড়ল জনতা