
শেষ আপডেট: 24 January 2023 14:56
দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: জলের পাইপ লাইনের কাজ করতে গিয়ে মাটি চাপা পড়েন দুই শ্রমিক। প্রায় সঙ্গে সঙ্গে উদ্ধারের কাজে হাত লাগান অন্য শ্রমিক ও স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকল বাহিনীও। দুই শ্রমিককে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। মৃত রমজান শেখের বাড়ি ভগবানগোলায়।
ঘটনাটি ঘটেছে বহরমপুরের সৈয়দাবাদ রাজবাড়ির কাছে। সেখানে গঙ্গার ঘাট সংলগ্ন রাস্তার পাশে পুরসভার জলের পাইপ লাইন বসানোর কাজ চলছিল। সে কারণে মাটি খুঁড়ে গর্ত করা হয়েছিল। হঠাৎই সেখানে মাটি ধসে পড়ে। মাটির চাঙড়ের মধ্যে আটকে পড়েন কয়েকজন শ্রমিক। স্থানীয়রা এসে উদ্ধার কাজ শুরু করেন। কোনওভাবেই তাদের উদ্ধার করা সম্ভব হচ্ছিল না। অন্য শ্রমিকেরা শাবল, কোদাল দিয়ে মাটি কেটে তাদের টেনে বের করার চেষ্টা করতে থাকেন। আবার জেসিবি দিয়েও মাটি সরানোর চেষ্টা করা হয়। যদিও তাতে আরও বিপদ হতে পারে বলে আশঙ্কায় চিৎকার শুরু করেন স্থানীয় মানুষজন। দীর্ঘক্ষণ চেষ্টার পর দুই শ্রমিককে উদ্ধার করা হয়।
বেশ কয়েকজন আটকে পড়েছে বলে আশঙ্কা করা হয়েছিল। স্থানীয় বাসিন্দা জিৎ ঘোষ বলেন, ‘বাড়িতে শুনলাম ধস নেমেছে। এসে দেখি দু’জন চাপা পড়েছে। এর বাইরে কিছু জানি না। দু’জনকেই উদ্ধার করা হয়েছে। একজনের অবস্থা আশঙ্কাজনক।’
বিজেপি বাংলার শত্রু, রাজ্যপাল বাংলা শিখলে ওদের গা জ্বালা করে: কুণাল