
শেষ আপডেট: 9 March 2023 17:34
দ্য ওয়াল ব্যুরো: নিয়োগ দুর্নীতিতে একের পর এক শিক্ষকের চাকরি যাচ্ছে। তারমধ্যেই দক্ষিণ ২৪ পরগনায় (South 24 Pargana) প্রাথমিক স্কুলে প্রধান শিক্ষক নিয়োগের (Head Master Recruitment) কথা ঘোষণা করল জেলার প্রাথমিক শিক্ষা সংসদ। অভিযোগ ছিল, বহু বছর এই জেলার বহু স্কুলে প্রধান শিক্ষক ছিলেন না। সহকারী প্রধান শিক্ষকরাই দায়িত্ব সামলাচ্ছিলেন। এবার সেইসব শূন্যপদ পূরণ করতে উদ্যোগী হল সংসদ।
সামনেই পঞ্চায়েত নির্বাচন। সব ঠিক থাকলে মে মাসেই রাজ্যেই এই নির্বাচন হবে। তার আগেই দক্ষিণ ২৪ পরগনা জেলার ২ হাজার স্কুলে প্রধান শিক্ষক নিয়োগের কথা বলল জেলা প্রাথমিক শিক্ষা সংসদ। বৃহস্পতিবার বিজ্ঞপ্তি দিয়ে এই নিয়োগের কথা জানানো হয়েছে। আজ থেকেই এইসব শূন্যপদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে।
সংসদের তরফে খবর, আগামী ১ মাসের মধ্যে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। আবেদন করার আগে বেশকিছু শর্ত মানতে হবে প্রার্থীদের, সেকথাও জানিয়েছে সংসদ। যাঁরা এই পদের জন্য আবেদন করবেন তাঁদের দক্ষিণ ২৪ পরগনা জেলাতেই শিক্ষক হিসেবে কমপক্ষে ১০ বছর চাকরি করার অভিজ্ঞতা থাকতে হবে।
শুধু তাই নয়, আবেদনকারীদের অবশ্যই এমন স্কুলে চাকরির অভিজ্ঞতা থাকতে হবে যেসব স্কুলে পড়ুয়া সংখ্যা পঞ্চাশের বেশি। সংসদের চেয়ারম্যান অজিতকুমার নায়েক জানিয়েছেন, এক মাসের মধ্যে গোটা নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা চেষ্টা হচ্ছে। এর জন্য জেলার স্কুল পরিদর্শককে আগামী ১০ দিনের মধ্যে নাম সুপারিশ করে তালিকা জমা দিতে বলা হয়েছে। তারপরই সেখান থেকে নিয়োগ হবে।
গ্রুপ সি-র ৩ হাজারের বেশি কর্মীর চাকরি বিপাকে, ওএমআর শিটে গন্ডগোল মানল কমিশন