
দুই কিশোরীর মৃত্যুর পরেই তুমুল বিক্ষোভ জনতার
শেষ আপডেট: 1 October 2024 16:57
দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: গজলডোবায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৪ জনের মর্মান্তিক মৃত্যুর রেশ কাটেনি এখনও। ডুয়ার্সে ফের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেল দুই কিশোরী। এই নিয়ে গত ৫ দিনে জলপাইগুড়ি জেলায় তড়িদাহত হয়ে মোট ৬ জনের মৃত্যু হল।
সূত্রের খবর, মাল মহকুমার নেওরা বস্তি থেকে পিকআপ ভ্যানে চেপে মালবাজারের দিকে কাজ করতে যাচ্ছিল দুই কিশোরী। পথে ঝুলে থাকা বিদ্যুতের তার গায়ে লেগে যায় তাদের। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই দুজনের। আহত হন বেশ কয়েকজন। আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানেই তাদের চিকিৎসা চলছে।
জানা গেছে, মৃতদের বাড়ি নেওড়া চাবাগান সংলগ্ন এলাকায়। দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন। এদিনের এই মর্মান্তিক দুর্ঘটনায় ন্যাওড়া বস্তি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। খবর পেয়ে ঘটনাস্থলে এলে পুলিশকে ঘিরে বিক্ষোভ চলে।
ডুয়ার্সের বিভিন্ন বনবস্তি থেকে ছোটো ছোটো ছেলে মেয়েদের প্রতিদিন বিভিন্ন বড় চা বাগানে চা পাতা তোলার কাজে নিয়ে যায় একশ্রেণির দালাল। এর আগেও এমন ছোটো গাড়ি করে কর্মস্থলে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পরে মৃত্যু হয়েছে জীবনের ঝুঁকি নিয়ে কর্মস্থলে যাওয়া শ্রমিকদের।