
কোচবিহার রাজবাড়ি
শেষ আপডেট: 24 April 2025 15:33
রিয়া দাস, কোচবিহার
ঐতিহ্যের শহরে অন্যতম আকর্ষণ কোচবিহারের রাজবাড়ি। ১৮৮৭ সালে মহারাজা নীপেন্দ্র নারায়ণের রাজত্বকালে নির্মিত ভিক্টোরিয়ান শৈলীর এই প্রাসাদকে ‘ভিক্টর জুবিলি প্যালেস’ বলা হয়, যার স্থাপত্য অনুপ্রাণিত ইংল্যান্ডের বিখ্যাত বাকিংহাম প্যালেস থেকে। সেই ঐতিহাসিক রাজবাড়ি দেখতে এসে এখন হতাশ হচ্ছেন অনেক পর্যটকই।
রাজবাড়ির একতলায় রয়েছে বিলিয়ার্ড রুম, গ্রন্থাগার, অতিথিশালা ও ভোজনকক্ষ সহ ২৪টি কক্ষ। দোতলায় রয়েছে ১৫টি শয়নকক্ষ, ৩টি বৈঠকখানা, ৪টি তোশাখানা ও ১১টি স্নানঘরসহ মোট ৪০টি কক্ষ। এই রাজপ্রাসাদ বর্তমানে সংরক্ষণ করছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। প্রতিদিন দূর-দূরান্ত থেকে পর্যটকরা ছুটে আসেন এই ঐতিহাসিক স্থাপত্য দেখতে।
তবে এখন অনেক পর্যটকই হতাশ হচ্ছেন রাজবাড়ি অব্যবস্থাপনায়। তাঁদের অভিযোগ, কোথাও পড়ে রয়েছে নোংরা আবর্জনা, তা পরিষ্কার হচ্ছে না। পর্যাপ্ত পানীয় জলেরও ব্যবস্থা নেই। আবার অ্যানথ্রোপলজিক্যাল মিউজিয়ামের মতো অনেক ঘর বন্ধ রাখা হয়েছে।
অসম থেকে আসা পর্যটক বিরাজ রায় আক্ষেপ করে বলেন, “রাজবাড়ি দেখার স্বপ্ন অনেকদিনের, কিন্তু এসে দেখি অনেক কিছুই দেখা যাচ্ছে না। মিউজিয়ামগুলো খুলে দিলে আরও অনেক কিছু শেখা যেত।”
গৌহাটি থেকে আসা বিশ্বজিৎ দত্ত নামে এক পর্যটক বলেন, "শৌচাগারের সুব্যবস্থা নেই, পানীয় জলের কল থাকলেও তার থেকে জল পান করা খুবই কষ্টের। বিভিন্ন জায়গায় রাজবাড়ির রং খসে গেছে। এই রাজবাড়িকে আরও সুন্দর করা যেতে পারে। প্রশাসন আরেকটু নজরে রাখলে আরও সুন্দর হয়ে উঠবে রাজবাড়ি।"
এ ব্যাপারে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও কেউ কোনও মন্তব্য করতে চাননি।