দ্য ওয়াল ব্যুরো: মাস খানেক আগে পূর্ব বর্ধমানে সভা সেরে গিয়েছে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। এবার সেখানেই সভা করতে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকালই জেলায় পা রাখবেন তিনি। তাই, মুখ্যমন্ত্রীর জেলা সফরের আগে বিজেপির পথেই হাঁটতে দেখা গেল তৃণমূলকে। সভায় অভ্যাগতদের করা হল কোভিড টেস্ট।
আগামীকাল, মঙ্গলবার জেলায় পা রাখার পর দুটি কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর। প্রথমে তিনি রাজনৈতিক সভা করবেন কালনায়। তারপর দুপুরে বর্ধমানের সরকারি কৃষিখামারে মাটি মেলার উদ্বোধন করবেন। আপাতত এই রয়েছে কর্মসূচি মুখমন্ত্রীর।
তাই রবিবার পূর্ব বর্ধমান জেলা পরিষদে অ্যান্টিজেন টেস্ট করার ব্যবস্থা করা হয়েছিল। রাজ্যের মন্ত্রী তথা পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বপন দেবনাথ, জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধাড়া, মেন্টর উজ্জ্বল প্রামাণিক, যুব তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি রাসবিহারী হালদার, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বাগবুল ইসলাম সহ ১২ জন জনপ্রতিনিধি ও তৃণমূল কংগ্রেসের পদাধিকারী এদিন কোভিড টেস্ট করান।
উল্লেখ্য মাস খানেক আগে পূর্ব বর্ধমান জেলায় দু'টি দলীয় কর্মসূচিতে এসেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। জেলার কাটোয়া ও বর্ধমান শহরে দুটি সভায় উপস্থিত ছিলেন জে পি নাড্ডা। কিন্তু তাঁর সফরের আগে বিজেপি তাদের নেতাদের কোভিড টেস্ট করার ব্যবস্থা করে। এমনকি কাটোয়ার যে বাড়িতে নাড্ডা মধ্যহ্নভোজন করেন, সেই বাড়ির লোকজনদেরও কোভিড টেস্ট করা হয়। সুতরাং মুখ্যমন্ত্রীর সফরের ক্ষেত্রেও এর ব্যতিক্রম দেখা গেলনা। সতর্ক হয়ে বিজেপির পথেই হাঁটলো তৃণমূল কংগ্রেস।
স্বপন দেবনাথ বলেন, মুখমন্ত্রীর নিরাপত্তা দফতর থেকে কোভিড টেস্ট করার বিষয়ে নির্দেশিকা এসেছে। তাই, আমরা টেস্ট করলাম। দলের নেতারাও এদিন কোভিড টেস্ট করেন। একই কথা বক্তব্য রাখেন জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি রাসবিহারী হালদারও।