
শেষ আপডেট: 21 February 2023 16:56
দ্য ওয়াল ব্যুরো, বীরভূম: তিনি বীরভূমের শাসকদলের (TMC) বড় নেতা। একইসঙ্গে জেলা কোর কমিটির সদস্যও। এত বড় পদে থাকা সত্ত্বেও নিজে খুন হয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করলেন লাল মাটির জেলার তৃণমূল নেতা কাজল শেখ (Kajal Sheikh)। মঙ্গলবার বোলপুরের (Bolpur) অদূরে কঙ্কালীতলায় কর্মিসভার মঞ্চেই এ কথা বলেন তিনি।
প্রকাশ্য সভায় দাঁড়িয়ে কাজল শেখ বলেন, "আমার ঘরে-বাইরে সর্বত্র শত্রু। আমি জানি যে আমি যে কোনও দিন খুন হয়ে যেতে পারি। আমি যখন বাড়ি থেকে বের হই, তখন আমার মা মাথায় তিনটে চুমু দেয় এবং ঠাকুরের কাছে প্রার্থনা করে যাতে আমি সুস্থ অবস্থায় বাড়ি ফিরতে পারি।"
এদিকে শাসকদলের নেতার মুখেই এমন কথা শুনে পাল্টা রাজ্যের শাসন ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে দেন বিরোধীরা। তাঁদের দাবি, যেখানে তৃণমূলের উচুস্তরের এক নেতা নিজে খুন হওয়ার আশঙ্কা প্রকাশ করছেন, সেখানে সাধারণ মানুষের অবস্থা কী, ভালমতই বোঝা যাচ্ছে। রাজ্যে প্রশাসন বলে বোধহয় আর কিছুই অবশিষ্ট নেই।
উল্লেখ্য, কাজল শেখ বহুদিন ধরেই বীরভূমে অনুব্রত মণ্ডলের বিরোধী গোষ্ঠীর লোক বলে পরিচিত। জেলা তৃণমূল সূত্রে খবর, অনুব্রত মণ্ডল জেলে যাওয়ার পর প্রায় একঘরে হয়ে যাওয়া কাজল শেখের খানিক প্রতিপত্তি বেড়েছে। এমনকী বীরভূমে তৃণমূলের নতুন কোর কমিটিতেও জায়গা পেয়েছেন কাজল শেখ।
সম্প্রতি বীরভূমে দলের জেলা কোর কমিটির বৈঠক বাতিল হয়ে যায় একদম শেষ মুহূর্তে। এরপরই বিস্ফোরক অভিযোগ করেন কাজল শেখ। বলেন, জেলে বসে বিকাশ রায়চৌধুরীর সঙ্গে ফোনে যোগাযোগ রাখছেন অনুব্রত মণ্ডল। তাঁর মদতেই বৈঠক বাতিল করা হয়েছে। যদিও সেই অভিযোগ মানেননি বিকাশ রায়চৌধুরী। এরপরই মঙ্গলবার কাজল ফের যা বললেন, তাতে ওই জেলার শাসন ব্যবস্থা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে।