
উদয়ন গুহ
শেষ আপডেট: 23 February 2025 19:01
রিয়া দাস, কোচবিহার
ফের বেলাগাম উদয়ন গুহ (Udayan Guha)। রবিবার তিনি বিজেপি কর্মীদের (BJP Workers) হাঁটুতে জল জমিয়ে দেওয়ার নিদান দিলেন। এদিন দিনহাটা সংহতি ময়দানে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ সভা ছিল তৃণমূল কংগ্রেসের (TMC)। সেখানেই এই মন্তব্য করলেন উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের মন্ত্রী উদয়ন গুহ।
এদিন মন্ত্রী বলেন, "বিজেপি চেষ্টা করছে গোটা রাজ্যের ভোটার লিস্টে ভুয়ো ভোটার ঢোকাতে। যদি কেউ এমনটা করার চেষ্টা করে তাহলে তাদের হাঁটুতে জল জমিয়ে দিন।" এখানেই না থেমে তিনি বললেন, "যদি কোনও সরকারি কর্মচারী এই ঘটনায় যুক্ত থাকেন তাহলে তাঁরা ঘরেই ঢুকে থাকবে। তাঁদের আর সূর্যের মুখ দেখতে হবে না।" বাম জমানার বেশ কিছু সরকারি কর্মচারী এখন বিজেপির হয়ে কাজ করছেন বলেও অভিযোগ করেন তিনি।
মন্ত্রীর বক্তব্য নিয়ে তোলপাড় শুরু হতেই অবশ্য মত পাল্টান তিনি। জানান, নানা কারণে অনেকের হাঁটুতেই জল জমে। তিনি সে কথাই বলেছেন।
এই প্রথম নয়, আগেও উদয়ন গুহের কথায় নানা বিতর্ক তৈরি হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ করলে আঙুল ভেঙে দেওয়ার হুমকি দিয়েছিলেন তিনি। ২০২৪ সালের ২৮ অগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে মেয়ো রোডের মঞ্চ থেকে দলীয় কর্মীদের 'ফোঁস' করার নিদান দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছিলেন, "আগামী দিনে চক্রান্তকারীদের মুখোশ খুলে দিয়ে ফোঁস করতে শিখুন।" এরপরেই উদয়ন গুহ দলের কর্মীদের নিদান দিয়েছিলেন "কেউ একবার দংশন করলে তাঁকে পাঁচবার দংশন করতে হবে।" ফের বিজেপি কর্মীদের হাঁটুতে জল জমিয়ে দেওয়ার নিদান দিয়ে বিতর্কে জড়ালেন উদয়নবাবু।