
শেষ আপডেট: 27 July 2022 15:58
দ্য ওয়াল ব্যুরো: পুণে মেট্রোর কোচ তৈরি হবে বাংলার টিটাগড় ওয়াগন ফ্যাক্টরিতে (Titagarh Wagon Factory)৷ সংস্থাটি ২৫ বছর পূর্ণ করল। সেইসঙ্গে শুরু হল আধুনিক ঝাঁ চকচকে মেট্রো রেক তৈরির কাজ। আজ যার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
এই ওয়াগন কারখানায় আগেই দীর্ঘদিন ধরেই রেলের কোচ তৈরি হচ্ছে। সংস্থার রজতজয়ন্তী বর্ষে মেট্রোর রেক তৈরির কাজ শুরু হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে সংস্থার তরফে জানানো হয়েছে, রাজ্য এই প্রথম মেট্রোর অ্যালুমনিয়াম কোচ তৈরি হবে। প্রতিবছর ৪০০টি তৈরির লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।
টিটাগড় ওয়াগনস মূলত ভারতীয় রেল, বেইলি ব্রিজ এবং খনির জন্য বিভিন্ন কোচ তৈরি করে। সেইসঙ্গে, টিটাগড় মেরিনস নামে একটি সহায়ক সংস্থা জাহাজ নির্মাণ শিল্পে কাজ করে। যন্ত্রাংশ তৈরির একটি কারখানা গড়ে উঠেছে দক্ষিণ ২৪ পরগনার ফলতায়। হিন্দমোটরের অনুষ্ঠান থেকেই মুখ্যমন্ত্রী ওই কারখানারও ভার্চুয়াল উদ্বোধন করেন।
হিন্দমোটর কারখানার বিক্রি করে দেওয়া অংশে টিটাগড় ওয়াগন রেলের মালগাড়ির চাকা তৈরি শুরু করেছিল। পরে মালগাড়িও তৈরি শুরু হয়। এবার ভিনরাজ্যের মেট্রো রেক তৈরি করবে বাংলার এই সংস্থা। এদিন একটি মেট্রোর রেক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।
এদিন তাঁদের কাজের সুবিধের জন্য হিন্দমোটরের বাড়তি জায়গা তাঁদের দেওয়ার কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'বাম আমলে হিন্দমোটরকে বেশি জমি দেওয়া হয়েছিল। কিন্তু ওরা কাজে না লাগিয়ে চেন্নাইয়ে লগ্নি করেছে।' টিটাগড় ওয়াগন যাতে প্রয়োজনীয় জমি পায় মঞ্চ থেকেই সেই নির্দেশ দেন তিনি।