দ্য ওয়াল ব্যুরো: ফাঁকা বাড়ি। আর সেই সুযোগে বাড়িতে ঢুকে সর্বস্ব চুরি করে পালাল চোর। দুঃসাহসিক এই চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে কাঁচরাপাড়ায়।
রবিবার রাতে কাঁচরাপাড়ার ১৬ নম্বর ওয়ার্ডের রজনীবাবু রোডের এক বাড়িতে এই ঘটনা ঘটেছে। বাড়ির মালকিন ময়না সাহা তাঁর মেয়েকে নিয়ে সন্ধ্যায় বেড়িয়ে ছিলেন। পুজোর কেনাকাটা করতে গিয়েছিলেন তিনি। বাড়িতে আর কেউ না থাকায় যথারীতি তালা দিয়েই গিয়েছিলেন। কিন্তু ফিরে দেখেন সর্বনাশ।
তিনি জানিয়েছেন, বাড়ি ফিরে দরজা খুলতে গিয়ে তিনি দেখেন ভিতর দিক দিয়ে দরজা বন্ধ। দরজা ভেঙে ভিতরে ঢুকতে হয় তাঁকে। তারপর দেখেন সারা ঘর তছনছ। আলমারি ভেঙে সর্বস্ব লুঠে নেওয়া হয়েছে। সোনার গয়না যা ছিল সব গায়েব।
ময়না সাহা জানান, তাঁদের l বাড়ির নীচে যে ভাড়াটে থাকেন, চুরি গিয়েছে তাদের ঘরেও। সোনার জিনিস চুরি গেছে। সব দেখেশুনে পুলিশে খবর দেন ময়না সাহা। ঘটনাস্থলে পৌঁছয় বীজপুর থানার পুলিশ। ময়না জানিয়েছেন, আনুমানিক ৩০ হাজার টাকার জিনিস খোয়া গেছে তাঁদের বাড়ি থেকে। পুলিশ তদন্ত শুরু করেছে। ভর সন্ধ্যায় ফাঁকা বাড়িতে এমন দুঃসাহসিক চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়।