
শেষ আপডেট: 24 July 2023 14:25
দ্য ওয়াল, পশ্চিম বর্ধমান: বর্ষার সঙ্গে পাল্লা দিয়ে রাজ্যে হাজির হয়েছে ডেঙ্গির (Dengue) সংক্রমণ। রাজ্যের বিভিন্ন এলাকা থেকে ডেঙ্গি (Dengue) আক্রান্তের খবরও সামনে আসছে। তাতে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর শহরের পরিস্থিতি যথেষ্ঠ উদ্বেগজনক বলেই মনে করছেন জেলার স্বাস্থ্য কর্তারা। জেলা প্রশাসন সূত্রের খবর, এলাকার প্রায় ৫০ জনের শরীরে মিলেছে ডেঙ্গুর সংক্রমণ। পরিস্থিতির গুরুত্ব বিচার করে সোমবার শহরের সৃজনী পেক্ষাগৃহে জরুরি বৈঠক করেন সহকারী জেলা স্বাস্থ্য আধিকারিক কেকা মুখোপাধ্যায়।
বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয় সহকারী জেলা স্বাস্থ্য আধিকারিক জানান, “৫০ এর অধিক ডেঙ্গু আক্রান্তের খবর এসেছে। প্রত্যেকের প্রয়োজনীয় চিকিৎসার বন্দোবস্ত করা হচ্ছে। প্রয়োজনীয় পদক্ষেপের পাশাপাশি সচেতনতায় বাড়তি নজর দেওয়া হচ্ছে।”
স্বাস্থ্য আধিকারিকের দেওয়া ডেঙ্গি পরিসংখ্যান সামনে আসতেই দুর্গাপুর পুরনিগমের বিরুদ্ধে ডেঙ্গির তথ্য গোপনের অভিযোগ এনেছে বিজেপি। বিজেপির অভিযোগ, দুর্গাপুর পুর নিগমের প্রশাসক মণ্ডলীর সদস্য রাখী তেওয়ারি বলছে প্রায় ৩২ জন ডেঙ্গু আক্রান্ত। আবার জেলা সহকারী স্বাস্থ্য আধিকারিক কেকা মুখোপাধ্যায় বলছেন, ৫০ এর অধিক ডেঙ্গু আক্রান্ত। তাহলে কে সঠিক বলছে?
বিজেপির আরও অভিযোগ, সঠিক সময় নির্বাচন করেনি দুর্গাপুর নগর নিগম। এলাকায় জনপ্রতিনিধি না থাকায় এলাকার জলাশয়, ডোবা ঠিকমতো পরিষ্কার করা হয়নি। আর সেই কারণে আজ ডেঙ্গু ভয়াবহ রূপ নেওয়ার পর মুখ ঢাকতে ডোবা, পুকুর পরিষ্কারে নেমেছে। একই সঙ্গে তথ্য গোপনেরও চেষ্টা করছে। যদিও জেলা প্রশাসনের দাবি, সংখ্যা গোপনের অভিযোগ ঠিক নয়। প্রতিটি এলাকায় নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। মানুষকে সচেতনও করা হচ্ছে।
আরও পড়ুন: রাজ্যে ডেঙ্গি চিকিৎসার গাইডলাইন প্রকাশ, প্লেটলেট দেওয়া নিয়ে বিশেষ নির্দেশ স্বাস্থ্য ভবনের