
শেষ আপডেট: 9 October 2024 16:44
দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: চিকিৎসকদের গণ ইস্তফা শুরু হল জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে। এ পর্যন্ত মোট ২০ জন চিকিৎসক ইস্তফা দিলেন। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
বুধবার সকাল থেকে অনশন শুরু করেন চিকিৎসকেরা। অনশনে সামিল হন জলপাইগুড়ি নাগরিক সংসদের সদস্যরাও।
জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের অ্যাসিসট্যান্ট প্রফেসর ডাক্তার সুদীপন মিত্র জানিয়েছেন এত দিন পার হয়ে গেলেও এখনও সরকার পক্ষের কেউ অনশনরত চিকিৎসকদের সঙ্গে দেখা করেনি। তাই চাপ বাড়াতে ইস্তফা দেওয়া ছাড়া আর অন্য রাস্তা তাঁদের কাছে ছিল না।
মেডিক্যাল কলেজের চিকিৎসক ডাক্তার স্বস্তিশ্রবণ চৌধুরী বলেন, ‘‘আমরা ইস্তফা দিলেও কাজ চালিয়ে যাব। হাসপাতালে চিকিৎসা পরিসেবা স্বাভাবিক থাকবে। কিন্তু প্রতিবাদটা হওয়া দরকার।’’ অধ্যাপিকা আত্রেয়ী বাগচি বলেন, ‘‘নারকীয় ঘটনা। চিকিৎসকদের ইস্তফা লজ্জার ঘটনা। এতে আমার নৈতিক সমর্থন আছে। তাই অনশন হচ্ছে শুনে মেডিক্যাল কলেজে ছুটে এলাম।’’
নাগরিক সংসদের সদস্য ডাক্তার পান্থ দাশগুপ্ত বলেন, ‘‘থ্রেট কালচারের আঁতুড় ঘর জলপাইগুড়ি। একসময় এদের দাপটে বাধ্য হয়ে ২১ জন চিকিৎসক চাকরি ছেড়েছেন। যার মধ্যে আমিও রয়েছি। আমরা চিকিৎসকদের সঙ্গে আছি।’’