
শেষ আপডেট: 26 June 2023 08:12
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: বাড়ির সমানে খুন হলেন ব্যবসায়ী। মৃতের নাম নিত্যরঞ্জন বিশ্বাস। এই ঘটনাকে ঘিরে আলোড়ন পড়ে গিয়েছে গাইঘাটা থানার ঠাকুরনগর শিমুলপুর হাজরা তলায়।
প্রত্যক্ষদর্শী মন্মথ রায় জানিয়েছেন, রবিবার রাত পৌনে দশটা নাগাদ বাজার থেকে বাড়ি ফিরছিলেন তিনি। সেই সময় ৪৩ বছরের নিত্যরঞ্জনকে বাড়ির সামনে রাস্তার উপর রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এরপরেই সাহায্যের জন্য আশেপাশের লোকজনকে চিৎকার করে ডাকতে থাকেন। মুহূর্তের মধ্যে সেখানে জড়ো হয়ে যান এলাকার মানুষ। খবর পেয়ে নিত্যরঞ্জনের আত্মীয়রাও ছুটে আসেন ঘটনাস্থলে। তাঁকে উদ্ধার করে চাঁদপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা পরীক্ষা করার পর ওই ব্যবসায়ীকে মৃত বলে ঘোষণা করেন।
পুলিশ আত্মীয়দের থেকে জানতে পেরেছে, ওই ব্যবসায়ীর ঠাকুরনগর রেল লাইনের পাশে একটি খাবারের হোটেল রয়েছে। রবিবারও তিনি সেখানে গিয়েছিলেন। তাঁর ফিরতে দেরি হওয়ায় চিন্তায় পড়ে গেছিলেন পরিবারের লোকজন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ওই ব্যক্তির মাথায় মারাত্মক আঘাত করা হয়েছে। মাথার সামনে ও পিছনে গুরুতর আঘাত রয়েছে। ভারী বস্তু দিয়ে আঘাত করার পর মাথায় ফের ধারালো অস্ত্র দিয়েও কোপ মারা হয়েছে।
প্রত্যক্ষদর্শী মন্মথ রায় জানান, মানুষের সঙ্গে সুসম্পর্ক রেখে চলতেন নিত্যরঞ্জন। পরোপকারী ছিলেন। এমন একজন মানুষের ক্ষতি কীভাবে কেউ করতে পারে সেবিষয়ে ভেবে কূলকিনারা পাচ্ছেন না মন্মথ।
তবে পুলিশের প্রাথমিক অনুমান, ব্যবসা সংক্রান্ত শত্রুতার জেরে খুন করা হতে পারেন নিত্যরঞ্জন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
নৃশংস! ক্লাস টেনের ছাত্রকে সিগারেট খেতে দেখে পিটিয়ে মেরেই ফেললেন শিক্ষকরা, অভিযোগ পরিবারের