দ্য ওয়াল ব্যুরো: এবছরের মতো পুজোর মরসুম শেষ। দুর্গাপুজো, লক্ষ্মীপুজো, কালীপুজো, দীপাবলি, ভাইফোঁটা-বঙ্গজীবনের উত্সবের পর্ব বিদায় নিল। এবার অপেক্ষা বড়দিনের। মাসখানেকের বেশি সময় বসে থাকতে হবে। পুজোপর্ব বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে প্রকৃতিতেও (weather) বদল আসছে। পাতা ঝরার সময় আসছে (winter)। উত্তুরে হাওয়ার প্রভাবে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহের শুরুতে আরও নামল পারদ (temperature)। কলকাতায় (Kolkata) আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৩ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের ৩ ডিগ্রি নীচে। পাশাপাশি জেলাগুলিতেও (districts) পারদ নিম্নগামী। আবহাওয়া দফতর (Weather Office) জানিয়েছে, উত্তুরে হাওয়ার জেরে আগামী কয়েকদিন রাজ্যে শীতের আমেজ থাকবে। তবে, আগামী সপ্তাহে নিম্নচাপের সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে তারা। রাজ্যের কোথাও কোথাও, বিশেষতঃ উপকূলবর্তী এলাকাগুলিতে আকাশ মেঘলা হতে পারে। এর ফলে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের।
রাজ্যে তাপমাত্রা বিগত কয়েকদিন ধরেই কম রয়েছে। রাতে ও ভোরের দিকে শীতের আমেজ টের পাওয়া যাচ্ছে। বাধাহীন উত্তুরে হাওয়ার জন্যই পারদ নামছে। তবে এখনও রাজ্যে সরকারিভাবে শীত আসেনি। তবে বাতাসে রয়েছে শীতের অনুভূতি।
উত্তুরে হাওয়ার দাপটে রবিবারের পর সোমবার আরও কিছুটা নেমেছে তাপমাত্রা। এই নিয়ে গত ১৬ বছরে দ্বিতীয়বার নভেম্বরের প্রথম সপ্তাহে কলকাতায় ১৯ ডিগ্রির নীচে নামল পারদ। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি নীচে।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, ২০১৬-র ৮ নভেম্বর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৬ ডিগ্রি সেলসিয়াস।
কলকাতার পাশাপাশি জেলাতেও নেমেছে তাপমাত্রার পারদ। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ১৫-১৭ ডিগ্রিতে নামতে পারে তাপমাত্রা। রবিবার ৮ ডিগ্রি সেলসিয়াসের নীচে নেমেছিল দার্জিলিঙের তাপমাত্রা।