
শেষ আপডেট: 14 September 2022 08:57
দ্য ওয়াল ব্যুরো: বাইশ গজে গুগলির জন্য কিংবদন্তি হয়ে থেকে যাবেন শ্যেন ওয়ার্ন! বাংলায় ইদানিং ‘গুগলি’ শব্দকে বৈঠকখানায় পৌঁছে দিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। দাদাগিরি অনুষ্ঠানে তাঁর গুগলি প্রশ্ন নিয়ে টিভি খুলে মাথা চুলকোয় অনেকেই। কারণ সেই গুগলির জবাব সহজ পথে ভাবা যাবে না!
মন্ত্রী বাবুল সুপ্রিয়কে (Babul Supriyo) তেমনই গুগলি দিলেন বিজেপির (BJP) প্রাক্তন রাজ্য সভাপতি ও প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় (Tathagata Roy)। তথাগত বাবু এখন মাঠে ময়দানের রাজনীতিতে নেই। প্রায় চিরস্থায়ী বন্দোবস্ত করে নিয়েছেন টুইটারে। আবার বাবুল পর্যটন মন্ত্রী হলেও টুইটারে বিচরণ করেন অহরাত্র। সেই বাবুল মঙ্গলবার তথাগত রায়কে ট্যাগ করে শুভেন্দু অধিকারীকে খোঁচা দিয়ে একটা টুইট করেছিলেন।
বাবুলের বক্তব্য ছিল সাদামাটা। যে কথাটা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ও প্রায়ই বলেন। তা হল, বিজেপির ওয়াশিং মেশিনে গিয়ে ধুয়ে নিলেই সব সাফ হয়ে যাচ্ছে। বাবুলও শুভেন্দুর ছবি দিয়ে টুইট করে বলেছেন, “জালিয়াতরা নিজেদের বাঁচাতে বিজেপির ওয়াশিং মেশিনে গিয়ে লুকোচ্ছে! জোকার!” সেই সঙ্গে বাবুল এও বলেছেন, “ভারতের নাগরিকদের সবার জন্য আইন সমান হবে না কেন?”
ব্যস। তথাগত বাবুলের শেষ লাইনটাই ক্যাচ করেছেন। তার পর নিজস্ব কায়দায় এক্কেবারে সঙ্ঘ ঘরানার গুগলি বল ছুড়েছেন বাবুলের দিকে। “আইন কেন সবার জন্য সমান হবে না?—এই প্রশ্ন তোলায় বাবুল আপনাকে অনেক ধন্যবাদ। অভিন্ন দেওয়ানি আইন প্রনয়ণ করা বিজেপির অনেক দিনের দাবি। আপনি বিজেপির দাবি সমর্থন করায় ধন্যবাদ”।

বিজেপির অভ্যন্তরীণ রাজনীতিতে বরাবর উগ্র হিন্দুত্ববাদী নেতা বলে পরিচিত তথাগত রায়। সেই কারণে বাজপেয়ী জমানায় সাত নম্বর রেসকোর্স রোডের তুলনায় লালকৃষ্ণ আডবাণীর বাসভবনে তাঁর বেশি যাতায়াত ছিল। হিন্দুত্বের প্রশ্নে তথাগত দিলীপ ঘোষের তুলনাতেও চড়া দাগের। অনেকের মতে, সেই কারণেই দুর্নীতি প্রশ্নে বাবুল যে কভার ড্রাইভ খেলতে চেয়েছিলেন, সেটা স্বকীয় কেতায় ফেরাতে চেয়েছেন তথাগত।
এ ব্যাপারে আবার সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেছেন, ব্যাপারটা বেশ মজার। বাবুল প্রশ্ন তুলছেন যে শুভেন্দু গ্রেফতার হবেন না কেন? যে শুভেন্দুর সঙ্গে একদা গলায় গলায় ছিলেন বাবুল। এমনকি শুভেন্দুকে বিরোধী দলনেতা করার জন্য মোদীর কাছে নাকি বাবুল সুপারিশ করেছেন বলেও সংবাদমাধ্যমেই দেখা গিয়েছিল। মজার বিষয় হল, বাবুল নারদ কাণ্ড নিয়ে শুভেন্দুকে জেলে পাঠানোর কথা বলছেন। সে রকম হলে তো সৌগত রায়, কাকলি ঘোষদস্তিদার, অপরূপা পোদ্দারদেরও নাম উঠবে। বাবুল কি সেটাও ভেবে দেখেছেন!
মীনাদেবীকে হাসপাতালে দেখতে যাবেন ফিরহাদ হাকিম, নবান্ন অভিযানে মাথা ফেটেছিল বিজেপি নেত্রীর