দ্য ওয়াল ব্যুরো: আজ রবিবার বোলপুরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর রোড শো রয়েছে। তার আগে বিশ্বভারতীর উপাচার্যের নিমন্ত্রণে আশ্রম চত্বর ঘুরে দেখার কথা তাঁর। তবে আজ বোলপুরে অমিত শাহর রোড শোতে থাকছেন না সদ্য বিজেপিতে যোগ দেওয়া শুভেন্দু অধিকারী।
নিউটাউনের যে হোটেলে অমিত শাহ রয়েছেন, শনিবার রাতে সেখানেই থাকার বন্দোবস্ত হয়েছিল শুভেন্দুর জন্যও। তবে রাতের বৈঠক সেরে হোটেল থেকে বেরিয়ে আসেন শুভেন্দু। পরে স্থির হয়েছে, বোলপুরে অমিত শাহর রোড শো-তে তিনি থাকবেন না। এমনিতেই উপাচার্যের সঙ্গে বিশ্বভারতীর আশ্রম চত্বর অমিত শাহর একা ঘুরে দেখার কথা। সেখানে অন্য কোনও বিজেপি নেতা থাকবেন না।
তবে বোলপুরে রোড শো-তে হাজির না থাকলেও অন্ডাল বিমানবন্দরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীকে সি-অফ করতে যাওয়ার কথা শুভেন্দুর। বিমানবন্দরে রাজ্য নেতাদের সঙ্গে প্রাক্তন বিজেপি সভাপতির একপ্রস্ত আলোচনা হওয়ার কথা রয়েছে। সম্ভবত আগামী সপ্তাহে দিল্লি যেতে পারেন শুভেন্দু। বাকি কথা সেখানেই হবে।
বস্তুত গোটা প্ল্যানটার অনেকটাই অদল বদল হয়েছে গত কদিনে। বিজেপি শীর্ষ সূত্রে খবর, অমিত শাহ শুরুতে প্রস্তাব দিয়েছিলেন, নয়াদিল্লির দীনদয়াল উপাধ্যায় মার্গে বিজেপি সদর দফতরে এসে দলে যোগ দিন শুভেন্দু অধিকারী। একুশে বাংলার নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্যক্তিগত ভাবে সক্রিয়। তিনিও বলেছেন, শুভেন্দু দলে যোগ দেওয়ার পর তাঁর সঙ্গে যেন একবার দেখা করেন। প্রস্তাব ছিল, দিল্লিতে সে সব পর্ব মিটিয়ে শুভেন্দু বাংলায় ফিরলে একটা বড় কর্মিসভা হবে।
কিন্তু দিল্লিতে একে তো কৃষক আন্দোলন চলছে। বিজেপি নেতৃত্বের মতে, সে সবের মধ্যে দিল্লিতে এই ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড হলে বেমানান দেখাতে পারে। শুভেন্দুও চাইছিলেন পশ্চিমবঙ্গেই যোগদান করতে। অমিত শাহর হাত থেকে দলীয় পতাকা হাতে নেওয়ার ইচ্ছা ছিল তাঁর। তা ছাড়া চল্লিশ জন লোককে নিয়ে দিল্লিতে যাওয়া, তাঁদের থাকার ব্যবস্থা ইত্যাদি অনেক ঝক্কির ব্যাপার। শেষমেশ তাই অমিত শাহই দুদিনের রাজনৈতিক কর্মসূচি নিয়ে বাংলায় এসেছেন। এমনিতে তিনি বলেই রেখেছিলেন যে মাসে একবার করে পশ্চিমবঙ্গে আসবেন তিনি।
বিজেপি শীর্ষ সূত্রে খবর, জানুয়ারি মাসের গোড়ায় ফের অমিত শাহ বা বিজেপি সভাপতি জগৎপ্রকাশ নাড্ডা পশ্চিমবঙ্গ সফরে আসতে পারেন। দলে নতুন যোগদানের কর্মসূচি তখনও একপ্রস্ত হতে পারে।
বোলপুরের মধ্যাহ্নভোজ
বিশ্বভারতী ঘুরে দেখার পর বাউল শিল্পী বাসুদেব দাসের বাড়িতে আজ মধ্যাহ্নভোজ করার কথা অমিত শাহর। বাসুদেবের পরিবারে শনিবার থেকেই প্রস্তুতি তুঙ্গে। পরিবার সূত্রে খবর, মেনুতে থাকবে ভাত, মুগের ডাল, বেগুন ভাজা, পটল ভাজা, আলুপোস্ত, পালং শাকের তরকারি, এবং শেষ পাতে টমেটোর চাটনি। থাকবে নলেন গুড়ের রসগোল্লাও। রান্না হবে কাঠের উনুনে, মাটির থালায় কলাপাতা সাজিয়ে খেতে দেওয়া হবে শাহকে।
বাসুদেবের বাড়ি শিব মন্দির রয়েছে। সেখানে নীলকণ্ঠ ফুল ও দুধ দিয়ে মহাদেবের পুজো দেওয়ার কথা শাহের। তারপর ডাকবাংলো মোড়ে যাবেন অমিত শাহ। পুজো দেবেন হনুমান মন্দিরে। পরে ডাকবাংলো মাঠ থেকে বোলপুর চৌরাস্তা পর্যন্ত বিজেপির রোড শো-তে যোগ দেবেন তিনি।